২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চক্রান্ত থেকে গতিশীল বিরোধী নেতাদের মামলা: মোশাররফ

বিরোধী নেতাদের সাজা দিতে ‘সরকারের নির্দেশে’ দ্রুত মামলার বিচারশেষ করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 11:34 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে তিনি বলেন, “যেখানে একটি মামলায় এক মাস পরে সাধারণত তারিখ পড়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি নেতৃবৃন্দের মামলাগুলো দ্রুত শেষ করার জন্য সরকারের নির্দেশে নিয়মবহির্ভূতভাবে প্রতিদিন মামলার তারিখ ফেলা হচ্ছে। মামলাগুলো শেষ করে আমাদেরকে সাজা দেওয়ার পরিকল্পনা করছে।”

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানে সোহেলের মুক্তির দাবিতে এই সমাবেশ হয়।

মোশাররফ বলেন, “আমাদের কাছে খবর আসছে, সরকার পরিকল্পনা করছে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সকল সিনিয়র নেতাকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে তাদেরকে বাদ দিয়ে তারা আবার ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো একটি নির্বাচনের পুনরাবৃত্তি করবে।

“সেই জন্য আজকে এই সরকার মামলা-মোকদ্দমা চালাচ্ছে। প্রায় প্রত্যেকদিন সাক্ষী নেয়া হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলাগুলোর।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, “আপনি আপনি আজকে স্বৈরাচারী ফ্যাসিবাদী নেত্রীতে পরিণত হয়েছেন।”

খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘ভয়’ পায় বলেই ক্ষমতাসীনরা তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে বলে দাবি করেন তিনি।

সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে বলেন, “আজকে বিএনপি অফিসের কাছে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের আয়োজনে বিজয়া শুভেচ্ছার একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে ৬জনকে ধরে নিয়ে গেছে। গতকাল আমাদের মিরপুরের শামীম পারভেজকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই হচ্ছে আওয়ামী লীগ গণতন্ত্রের নমুনা।”

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, মহিলা দলের হেলেন জেরিন খান, যুবদলের মীর নেওয়াজ আলী, উলামা দলের হাফেজ আবদুল মালেক, নগর নেতা কাজী আবুল বাশার, মুন্সি বজলুল বাসিত আনজু বক্তব্য রাখেন।