২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণ গেছে ১৪ দেশে

আওয়ামী লীগের এবারের সম্মেলনে ১৪টি দেশের রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 04:20 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

ক্ষমতাসীন দলটির ২০তম সম্মেলন উদযাপন কমিটির অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ‌্য জানিয়েছেন।

তবে কোন কোন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি দলের সভাপতিমণ্ডলীর এই সদস‌্য।

“তারা এখনও আমাদের নিশ্চিত করেনি। যখন তাদের আসা নিশ্চিত করতে পারব, তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে,” সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন তিনি।

নাসিম এর আগে জানিয়েছিলেন, ৭০টি দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হবে ২২-২৩ অক্টোবর অনুষ্ঠেয় সম্মেলনে।

Image
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

এরপর দলের নেতাদের উদ্ধৃত করে পাকিস্তানের রাজনৈতিক দলকে আমন্ত্রণের খবর গণমাধ‌্যমে এলেও তা পরে নাকচ করেন নাসিম।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অভ্যর্থনা উপ-পরিষদের সভা হয়। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন নাসিম।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি, এ সকল আমন্ত্রিত অতিথির আগমনের মধ্য দিয়ে আমাদের সম্মেলন আরও বর্ণাঢ‌্য হবে।”

উপ কমিটির বৈঠকে নাসিমের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিষদ সদস্য সচিব দীপু মনি, কমিটির সদস্য সাহারা খাতুন, মাহাবুব-উল আলম হানিফ, ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, আব্দুর রহমান, তাজুল ইসলাম, সাবেক কূটনীতিক মোহ্ম্মদ জমির, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

পুরনো খবর:

পাকিস্তানিদের দাওয়াত দেওয়ার প্রশ্নই উঠে না: নাসিম