আতঙ্কমুক্ত দেশ এখন উৎসবমুখর: হানিফ
গুলশান-শোলাকিয়ার জঙ্গি হামলায় মানুষের মাঝে আতঙ্ক ছড়ালেও সরকারের বিভিন্ন পদক্ষেপে তিনমাসের মধ্যে তা কেটে গিয়ে দুর্গোৎসবে দেশ এখন উৎসবমুখর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার দুপুরে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হতদরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, “আতঙ্কমুক্ত হয়ে দেশ এখন উৎসবুমখর।”
চলতি বছরের শুরু থেকে প্রথমার্ধ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পুরোহিত ও ধর্মসেবকদের উপর হামলা, হত্যা, মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রেক্ষাপটে দুর্গোৎসব নিয়ে নানা শঙ্কার কথা বলেছিল মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি।
তবে ২০১৫ সালের চেয়ে চলতি বছর পূজার মণ্ডপ সংখ্যা বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করে হানিফ বলেন, “সারা দেশে প্রায় ৭০০ এর মতো মণ্ডপ বেড়েছে।
“এতে প্রমাণিত হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। জনমনে আস্থা সৃষ্টি হয়েছে। সবাই নির্ভয়ে, নির্বিঘ্নে শারোদৎসব পালন করছেন।”
মাহবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)
উন্নত দেশগুলো যখন উন্নত প্রযুক্তি নিয়েও সন্ত্রাসবাদীদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, তখন ‘সীমিত শক্তি’ নিয়ে সরকার সন্ত্রাস মোকাবেলায় ‘সক্ষম’ হয়েছে বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।
সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির হাজার বছরের সংস্কৃতির অংশ মন্তব্য করে হানিফ বলেন, “বাঙালি হিন্দু-মুসলিম সবাই যেমন সুখ-দুঃখের ভাগীদার, তেমনিভাবে যেকোনো ধর্মীয় উৎসবে তারা ভাগীদার। উৎসবে কোনো ভেদাভেদ নেই। এটি তো হাজারো বছরের বাঙালির ঐতিহ্যের কৃষ্টি-সংস্কৃতি।”
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “শুধু ধর্মীয় উন্মাদনায় নয়, কেউ কেউ রাজনৈতিক ক্ষমতার লোভে অশুভ তৎপরতা চালায়। ক্ষমতার লোভে তারা মানুষ পুড়িয়ে হত্যা করে।।”
দেবী দুর্গাকে ‘অবিনাশী শক্তিধারী’ অভিহিত করে হানিফ বলেন, “মর্ত্যে যখন চরম বিশৃঙ্খলা, হানাহানি ও নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হয়েছে, তখনই দুর্গাদেবী আবির্ভূত হয়েছে। তিনি বিভিন্ন সময়ে মানুষের মধ্য দিয়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে সমাজে অশুভ শক্তির বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা করেন।”
গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার তিন মাসের মধ্যে শুরু দুর্গোৎসব উৎসবমুখর
তিনি বলেন, “আপনারা প্রার্থনা করবেন, আমাদের প্রধানমন্ত্রীকে যেন মা দুর্গা ঐশ্বরিক শক্তি দেন। তিনি যেন সেই শক্তিবলে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, ২০৪১ সালে একটি উন্নত দেশে পরিণত করতে পারেন।”
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে বিল্ববৃক্ষতলে দেবী বোধন, আবাহনের মাধ্যমে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সারা দেশের ২৯ হাজার ৩৯৫টি মন্দিরে একই লগ্নে পূজা শুরু হয়েছে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।
এবার ঢাকা মহানগরীতে পূজা হচ্ছে ২২৯টি মণ্ডপে।
