কাউন্সিলে চেইন অব কমান্ড মেনে এক হোন, নেতাকর্মীদের কাদের
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ে এসে কাউকে বিরক্ত না করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপ-কমিটি বরিশাল বিভাগের এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।
কাদের বলেন, “প্রত্যেকটি স্থানে আমাদের চেইন অব কমান্ড মেনে ঐক্যবদ্ধ হতে হবে। অতি উৎসাহী হয়ে কেউ অফিসে এসে কাউকে বিরক্ত করবেন না। অতি বাড়াবাড়ি ভালো না, সীমালঙ্ঘন করবেন না।”
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা, যার মধ্য দিয়ে পরবর্তী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব ঠিক করবে ক্ষমতাসীন দলটি।
সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে সপ্তাহের প্রায় প্রত্যেক দিন সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বসেন কাদের। কার্যালয়ে প্রবেশের সময় থেকে বের হওয়ার আগে পর্যন্ত অন্তত ৪০/৫০ জন তার সঙ্গে থাকেন।
তবে তাদের বেশির ভাগই তদবির নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আসে বলে বৈঠকের পরপর নাম প্রকাশ না করার শর্তে বলেন আওয়ামী লীগের এক নেতা।
ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনার পিছনে বহু লোক আছে, এটা প্রমাণ করার জন্য তদবিরের লোকজনের সাথে পার্টি অফিসে দেখা করেন। অথচ উনি বলেন, অফিসে এসে কেউ কাউকে বিরক্ত করবেন না।”
এর আগে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকে দলের সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসেবে সংবাদমাধ্যমে সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরের নাম আসে।
বিভিন্ন গণমাধ্যমের এসব প্রতিবেদনের পর দলের জাতীয় সম্মেলনে ‘কোনো পদেই প্রার্থী নন’ বলে দাবি করে এ ধরনের প্রচারণায় তিনি বিব্রত হন বলে গত মাসের মাঝামাঝিতে সাংবাদিকদের জানান কাদের।
দলীয় সম্মেলনে এভাবে ‘প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে’ না দিতে সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বিষয়টি দলের সভাপতি ও নেতাকর্মীদের চাওয়ার ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন এই আওয়ামী লীগ নেতা।
সম্মেলনকে সামনে রেখে আগের মতোই ‘নেতাকর্মীরা কেউ কারো প্রতিদন্দ্বী নন’ মন্তব্য করে শুক্রবারের বৈঠকেও দলীয় সভানেত্রীর ওপর আস্থার কথা বলেন কাদের।
“নেত্রীর উপর শতভাগ আস্থা আছে, যা করার উনি করবেন। ২০২১ সালের টার্গেট নিয়েছিলাম, তবে এর আগেই আমরা এগিয়ে গিয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে এবারও সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
এবারের সম্মেলনে ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে বলে জানান কাদের।
এছাড়া এবার নিরাপত্তার স্বার্থে আগে থেকেই সম্মেলনে অংশ নেওয়া ‘ডেলিগেটদের’ নামের তালিকা চাওয়া হয়েছে বলে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানান।
হানিফ বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সম্মেলনের নিরাপত্তার কথা বিবেচনা করে এবার ডেলিগেটরদের নামের তালিকা আগেই চাওয়া হয়েছে, যাতে করে ডেলিগেট সেজে কেউ কোনো ধরনের নাশকতা না করতে পারে।
“আগে আওয়ামী লীগের সম্মেলনের জন্য জেলায় জেলায় একটা নির্দিষ্ট সংখ্যক ‘ডেলিগেট’ কার্ড দেওয়া হতো। আর এবার প্রত্যেক ডেলিগেটের জন্য নামের তালিকা আমাদের কাছে পাঠাতে হবে; পরে তালিকা দেখে তাদের জন্য কার্ড দেওয়া হবে।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বরিশাল বিভাগের দপ্তর উপ-কমিটির সভার সভাপতিত্ব করেন।
