২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৫ লাখ মামলায় আসামি সাড়ে ৭ লাখের বেশি: ফখরুল 

সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার আমলে তাদের দলের সাড়ে সাত লাখের বেশি নেতা-কর্মীকে আসামি করে সাড়ে পাঁচ লাখ মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 10:44 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

আওয়ামী লীগ সারা দেশে বিএনপির নেতৃত্ব ও রাজনীতি শূন্য করার পরিকল্পনা নিয়েছে বলেও অভিযোগ তার।

ফখরুল বলেন, “অত্যন্ত সুপরিকল্পিত ও সচেতনভাবে এক/এগারোর সরকার যেভাবে চেয়েছিল বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে, সেভাবে আমাদের নেতৃত্বশূন্য করারও এখন দায়িত্ব নিয়েছে যেন আওয়ামী লীগ সরকার। তাদের লক্ষ্য একটাই- তারা এ দেশে শুধু আওয়ামী লীগের শাসন প্রতিষ্ঠা করবে, আর অন্য কোনো দল থাকবে না। অন্য কোনো মত থাকবে না।”

গাজীপুরের বরখাস্ত মেয়র মান্নানের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “তার মতো বিএনপির যারা মেয়র নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে বরখাস্ত করা হয়েছে এবং তাদের দুই-একজন ছাড়া অন্যদের কারাগারে আটক করা হয়েছে। কয়েকশ ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। প্রায় ৫০ জন উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।”

বাংলাদেশ এখন একটি ‘কারাগারে’ পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আজকে রাজনৈতিক দলগুলেকে কথা বলতে দেওয়া হয় না, রাজনৈতিক সভা-সমাবেশ করতে দেওয়া হয় না।

“আমাদের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯টিরও উপরে মামলা হয়েছে। কেন্দ্রীয় কমিটি, স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

“আমাদের ৭৮ হাজারের বেশি নেতা-কর্মী জেলে গেছে, এক হাজারের উপরে নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির ইলিয়াস আলী ও লাকসামের এমপি পারভেজসহ পাঁচশ’র উপরে নেতা-কর্মীকে গুম করে দেওয়া হয়েছে।”

জঙ্গিবাদের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, “জেএমবি তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। তাদের আত্মীয়-স্বজনরাই জেএমবির নেতা ছিল।

“আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী ঘটনাগুলো প্রথম শুনতে শুরু করলাম আওয়ামী লীগ সরকারের আমলেই। এখন তারা বলতে শুরু করেছে, বাংলাদেশে জঙ্গি আছে এবং সে জঙ্গি হচ্ছে বিএনপির নেতারা, জামায়াতের লোকেরা। একথা বলতে বলতে তারা বাংলাদেশকে একটি সত্যিকারের জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। তারা বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চাইছে।”

সদ্য প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ’র স্মরণে বৃহস্পতিবার গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফখরুল।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শাহীনা খান, সদস্য মাজহারুল আলম, শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান, বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী বক্তব্য দেন।