আ. লীগের সম্মেলন: সোহরাওয়ার্দীতে বসবে সিসি ক্যামেরা
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে ‘ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি’ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, সম্মেলনের সার্বিক নিরাপাত্তা নিশ্চিত করতে আগে থেকেই ‘সব ধরনের ব্যবস্থা’ তারা নিচ্ছেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা, যার মধ্য দিয়ে পরবর্তী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব ঠিক করবে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম জানান, সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ১ অক্টোবর থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির ক্যাম্প বসানো হবে সেখানে।
আসাদুজ্জামান খাঁন কামাল বৈঠকে বলেন, “এই সম্মেলনে দেশি-বিদেশি অতিথিরা থাকবেন। শৃঙ্খলা রক্ষা করে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পারলে সম্মেলন সার্থক হবে।”
বাহাউদ্দিন নাছিম বলেন, সম্মেলনের দিন ঢাকার প্রবেশপথগুলোতে বিভিন্ন স্থানে অভ্যর্থনার ব্যবস্থা করা হবে।
“সেখানকার শৃঙ্খলা রক্ষা এবং কাউন্সিলর ডেলিগেটরা যাতে স্বচ্ছন্দে সম্মেলনের ভেন্যুতে আসতে পারেন- সে ব্যবস্থা করা হবে। প্রবেশ পথগুলোতে থাকবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।”
বাহাউদ্দিন নাছিম নাসিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্য ইকবালুর রহিম, আসলামুল হক আসলাম, বাহাদুর ব্যাপারি, ইসহাক আলী খান পান্না, মতিউর রহমান মতি ও নির্মল রঞ্জন গুহ উপস্থিত ছিলেন।
