দেশ সঙ্কটে, সোচ্চার হন সবাই: বি চৌধুরী
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
ঈদুল আজহার পরদিন বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িলে দলের কার্যালয়ে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এই রাষ্ট্রপতি।
বি চৌধুরী বলেন, “দেশ এক চরম সঙ্কটের মধ্যে আছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিতে ছেয়ে গেছে। এ থেকে উত্তরণে যে যে অবস্থানে আছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। দেশকে বাঁচাতে হবে।”
ঈদের শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে এসে বি চৌধুরী নেতা-কর্মীদের সঙ্গে কোলাকুলি করেন এবং তাদের নিজ নিজ এলাকার খোঁজ-খবর নেন।
অনুষ্ঠানে বিকল্পধারা মহাসচিব আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা শাহ আহমেদ বাদল, আজিজ আখন্দ, মুনিরুল ইসলাম, বিএম নিজাম, রাবেয়া বেগম উপস্থিত ছিলেন।
