সিঙ্গাপুরের হাসপাতালে হান্নান শাহর এনজিওপ্লাস্টি
সিঙ্গাপুরে র্যাফেলস হার্ট সেন্টারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি হয়েছে।
সঙ্গে থাকা ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নানের বরাত দিয়ে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, “স্যারের (হান্নান শাহ) হৃদযন্ত্রের ধমনীতে যে কয়েকটি ব্লক সৃষ্টি হয়েছিল, সেখানে চারটি রিং বসানো হয়েছে।”
এখন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান শায়রুল।
গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ছোট ছেলে রিয়াজুল ও মেয়ে শারমিন হান্নান সুমিও বাবার সঙ্গে গেছেন।
গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী ডিওএইচএস‘র বাসা থেকে নিম্ন আদালতে হাজিরা দিতে বেরুনোর সময়ে হান্নান শাহ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কয়েকদিন রাখার পর চিকিৎসকদের পরামর্শক্রমে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
৭৭ বছর বয়েসী হান্নান শাহ চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন।
