২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হতে দেবে না বিএনপি: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশকে ‘অকার্য্কর ও জঙ্গি রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র’ লিপ্ত অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তা ঠেকাতেই কাজ করছে তার দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 05:27 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে আওয়ামী লীগ যে গভীর একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটে পরিণত করবে তারা। তারা এদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এদেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়।

“আমরা সেটা হতে দিতে পারি না। আমরা আমাদের দেশটাকে সত্যিকার অর্থে একটা উদারপন্থি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত করাতে চাই। আমরা সেজন্যই কাজ করছি।”

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘৯ম কারামুক্তি দিবস’ উপলক্ষে ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’।

সভায় ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের জনগণের দৃষ্টি অন‌্য দিকে সরাতে সরকার যে একেক সময় একেকটা ইস‌্যু সৃষ্টি করে তা পরিষ্কার হয়ে গেছে। 

“সরকার একেক সময়ে একেকটা অস্ত্র বের করে, ইস্যু বের করে, সেই ইস্যু জনগণের যে দৃষ্টি তা বিভ্রান্ত করে দেয়। সরকার এখন নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। এই জঙ্গিবাদের কথা তারা নিজেরা সবচেয়ে বেশি বলেছে। বাংলাদেশে বিএনপি জঙ্গি, অমুক জঙ্গি …।

“আজকে জঙ্গিবাদ এসে গেছে। এখন তুমি যাবে কোথায়? যতই মিথ্যাচার করো একথা আজকে সবাই বলছে, এই জঙ্গিবাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে। আমরা জানি না, সম্পর্ক আছে কি নেই, কারা করছে? সরকারকে তাদের খুঁজে বের করতে হবে- কে জঙ্গি কে জঙ্গি নয়। সরকার মিথ্যাচার করে যে জনগণকে বিভ্রান্ত করছে, সেটা স্পষ্ট হয়ে গেছে।”

বিএনপি হচ্ছে ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি’ একথা উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, “বিএনপি যদি এখানে না থাকে, এখানে গণতন্ত্র থাকবে না- এটাই হচ্ছে মূল কথা। বিএনপি গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করে, বিএনপি গণতন্ত্রকে লালন করে।”

সরকারের বিরুদ্ধে জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “জঙ্গিদের প্রশ্রয় তারা (সরকার) দিচ্ছে। যাদের গ্রেপ্তার করছেন সন্দেহভাজন হিসেবে, তাদের একটাকেও তো বিচারের আওতায় আনছেন না। তাদের সঙ্গে কী কথা হলো, তার কী তথ‌্য দিলো, তাও প্রকাশ করছেন না।

“আপনাদের ভাষায় তাদের গ্যান ব্যাটেলের নামে হত্যা করছেন। তাহলে আসল যারা এই কাজগুলো ঘটাচ্ছে, তারা তো আড়ালেই থেকে যাচ্ছে।”

সভায় সরকারের বিরুদ্ধে আদালতের রায় নির্ধারণ করে দেওয়ার অভিযোগও করেন বিএনপি মহাসচিব।

“আপনারা আদালতের রায় নির্ধারণ করে দিচ্ছেন- কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা সঠিক, কোনটা বেঠিক।

“আমরা বলতে চাই, ইতিহাস কখনো আদালতের রায় দিয়ে নির্ধারিত হয় না। ইতিহাসে তার ধারায় সত্য উদ্ভাসিত হয়।” 

বিএনপির এমন কোনো নেতা-কর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই- অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে এতো মামলা কেন? একটিই কারণ আওয়ামী লীগে জানে যে জনগণের মধ্যে তাদের কোনো স্থান নেই।”

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ নেতা’ অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, “তারেক রহমান কেন নির্বাসনে? শুধু কি শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার ছেলে বলেই? না।

“তারেক রহমান একটি রাজনীতির প্রতিনিধি। সেই রাজনীতি হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রাজনীতি, বাংলাদেশের স্বাতন্ত্রের রাজনীতি, খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করার রাজনীতি। এই রাজনীতির ধারক-বাহক এবং ভবিষ্যতের কর্ণধার হচ্ছেন তারেক রহমান। সেজন্যই তাকে আজকে নির্বাসিত করে রাখা হয়েছে।”

বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, হাবিবুর রহমান হাবিব, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কেন্দ্রীয় নেতা শরীফুল আলম, শহীদুল ইসলাম বাবুল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলিম এবং মীর হেলালসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখেন।