২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলার সাক্ষীকে মুফতি হান্নানের পক্ষে জেরা

একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হত্যা ও বিস্ফোরক আইনের মামলার আসামি নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী মো. ফজলুল কবীরকে জেরা করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 11:54 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

সিআইডির এএসপি ফজলুল কবীর হত্যা ও বিস্ফোরক আইনের মামলার দ্বিতীয় অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে মঙ্গলবার এই সাক্ষীর জেরা হয়।

মামলায় তাকে নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের পক্ষে জেরা করেন আইনজীবী সাইফুর রশীদ সবুজ।

মুফতি হান্নানের রিমান্ড ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তদন্ত কর্তাকে প্রশ্ন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া।

তিনি জানান, বুধবারও এ মামলায় ফজলুল কবির জেরার মুখোমুখি হবেন।

ফজলুল কবীরের পর মামলাটির চূড়ান্ত তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। কাহার আকন্দ বঙ্গবন্ধু হত্যা মামলাসহ দেশের বেশ কয়েকটি আলোচিত মামলার তদন্ত কর্তা হিসাবে কাজ করেছেন।

এর আগে গত ১ জুন একুশে অগাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের ২২৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শুরু করেন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর। এরপর থেকে প্রত্যেক সপ্তাহে দুটি ধার্য তারিখে এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।

মামলায় আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও তৎকালীন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়।

গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।