সম্পদের নোটিস: সিগমা হুদার রিট আবেদনে রায় ৩০ অগাস্ট
সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে দুদকের দেওয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী আইনজীবী সিগমা হুদার করা রিট আবেদনের ওপর ৩০ আগস্ট রায় দেবে হাই কোর্ট।
নোটিস প্রশ্নে দেওয়া রুলের উপর শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ রায়ের এ দিন ঠিক করে।
মামলার বিবরণে জানা যায়, সম্পদের হিসাব বিবরণী চেয়ে ২০০৯ সালের ১২ জানুয়ারি সিগমা হুদাকে নোটিস দেয় দুদক। তার বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাই কোর্টে রিট আবেদন করে।
ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৭ জানুয়ারি হাই কোর্ট রুল এবং নোটিসের কার্যক্রমে স্থগিতাদেশ দেয়।
সে রুলের উপর রোববার শুনানি শেষ হয় বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট ৩০ অগাস্ট রায়ের জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন।”
