সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলের মরদেহে খালেদার শ্রদ্ধা
রাজধানীর রামপুরার বনশ্রীর বাসায় গিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী সদ্যপ্রয়াত ফজলুর রহমান পটলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
পটল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
শনিবার রাত ১১টার দিকে পটলের বনশ্রীর বাসায় এসে মরহুমের মরদেহের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেত্রী। পরে তার কফিনে পুস্পস্তবক অর্পন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও মোনাজাত করেন।
পরে খালেদা জিয়া বাসায় প্রয়াত ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার পটলের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেন। এই সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিএনপি চেয়ারপারসন মরহুমের ছেলে-মেয়েদের কাছে ডেকে তাদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাতে কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাংসদ ফজলুর রহমান পটল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে পটলের মরদেহ ঢাকায় আসে। বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়।
রোববার সকাল ৯টায় বনশ্রী জামে মসজিদে, সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে পটলের লাশ সড়কপথে নাটোরের গ্রামের বাড়িতে পারিবারিক কবরাস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়ার কথা রয়েছে।
