একুশে অগাস্ট মামলায় এএসপি ফজলুলকে জেরা
একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পক্ষে দ্বিতীয় অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মো. ফজলুল কবীরকে জেরা করা হয়েছে।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ২২৪তম এই সাক্ষীকে পিন্টুর পক্ষে জেরা করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এরপর মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম বদরের পক্ষে এএসপি ফজলুলকে জেরা করা হয়।
এই দুই আসামির পক্ষে জেরা শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরুদ্দিন অপর আসামিদের পক্ষে জেরার জন্য আগামী ১৬ ও ১৭ অগাস্ট দিন ধার্য করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া।
গত ১ জুন মামলাটিতে ২২৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শুরু করেন সিআইডির কর্মকর্তা ফজলুল। এরপর থেকে প্রত্যেক সপ্তাহে দুটি ধার্য তারিখে এ সাক্ষীর জেরা অব্যাহত রয়েছে।
মামলায় আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা প্রাক্তন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়।
হামলায় গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।
