২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে নারী নেতা বেড়েছে

বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটিতে নারীর উপস্থিতি বেড়েছে।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 11:37 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

সদ্য ঘোষিত দলের স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটি মিলে নারীর সংখ্যা হয়েছে ৭৩, যেখানে আগে ছিলেন ৪৪ জন।

সে হিসাবে গতবারের চেয়ে এবার বিএনপিতে নারী নেতা বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ পয়েন্ট।

শনিবার ৫০২ সদস্যের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্য মিলে মোট নারীর সংখ্যা ৬৭ জন, যা শতকরা হিসাবে ১৩ দশমিক ৩৪ ভাগ।

এছাড়া এবার ঘোষিত ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে একজন এবং ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিলে ছয় জন নারী রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটি মিলে নারী প্রতিনিধিত্ব এখন ১২ দশমিক ৩ শতাংশ।

বিএনপির গত কেন্দ্রীয় কমিটির ৩৮২ জনের মধ্যে নারী ছিলেন ৪২ জন। স্থায়ী কমিটি মিলে এই সংখ্যা ছিল ৪৪। অর্থাৎ গত কমিটিতে নারী প্রতিনিধিত্ব ছিল শতকরা ১০ ভাগ।

১৯ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ার্স  ইন্সটিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সমাপনী বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, “নারীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। আমরা কমিটিতে নারী নেতৃত্ব বাড়াব। ২০২১ সালের মধ্যে আমরা এই সংখ্যা ৩০ ভাগে নিয়ে যাব।”

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালুর সময় রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে সংশোধনী এনে নারী সদস্যদের এক-তৃতীয়াংশ পদে রাখার শর্ত ২০২০ সালের মধ্যে পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে এর দুই-তৃতীয়াংশ সময় পেরিয়ে যাওয়ার পর দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপিসহ কোনো রাজনৈতিক দলই প্রতিশ্রুতির কাছাকাছি পৌঁছেনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক সংবাদ সম্মেলনে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন।

১৯ সদস্যের স্থায়ী কমিটিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া একমাত্র নারী নেত্রী। গত কমিটিতে সারোয়ারি রহমান স্থায়ী কমিটিতে থাকলেও এবার তাকে সরিয়ে উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হয়েছে।

৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিলে সারোয়ারি ছাড়াও অধ্যাপক তাজমেরী ইসলাম, সাহিদা রফিক, রোজী কবির, তাহসিনা রুশদির লুনা ও আফরোজা খান রিতাকে রাখা হয়েছে।

৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া চৌধুরী, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক পদে বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদকে রাখা হয়েছে।

৫৪টি সম্পাদক পদের মধ্যে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নুর এ আরা সাফা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং উপজাতীয় বিষয়ক সম্পাদক পদে ম্যা ম্যা চিংকে রাখা হয়েছে। গত কমিটিতে ‍তিনটি সম্পাদকীয় পদে ছিলেন নারী।

এছাড়া এবারের কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, বেবী নাজনীন, সহ-শিক্ষা বিষয়ক পদে হেলেন জেরিন খান, ফরিদা মনি শহিদুল্লাহ, সহ প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অর্পণা রায়, সহ মহিলা বিষয়ক আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মী আখতার, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, সহ তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সহ নার্সেস ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম রয়েছেন।

৩১৩ জন নির্বাহী সদস্যের মধ্যে নারী আছেন ৪৩ জন। এরা হলেন- রেজিনা ইসলাম, বিলকিস ইসলাম, সাঈদা রহমান জ্যোৎস্না, রওশন আরা ফরিদ, লাভলী রহমান, কাজী হেনা, খালেদা পান্না, শাহিদা আখতার রীতা, নুরজাহান ইয়াসমীন, লায়লা বেগম, রহিমা সিকদার, লিটা বশির, মেহেরুন্নোসা হক, রাজিয়া আলী, খালেদা ইয়াসমীন, ইয়াসমীন আরা হক, ফেরদৌস ওয়াহিদা, শাহানা আখতার সানু, সাইমুম বেগম, হাসিনা আহমেদ, খালেদা রাব্বানী, সাহানা রহমান রানী, চমন আরা, নার্গিস আলী, জেবা খান, নাছিমা আক্তার কল্পনা, ফিরোজা বুলবুল কলি, রিনা পারভিন, আয়েশা সিদ্দিকী মনি, নুর জাহান মাহবুব, পিয়ারা মোস্তফা, ফরিদা ইয়াসমীন, সিমকী ইসলাম, আরিফা জেসমিন, অ্যাডভোকেট মুন্নী, রুখসানা খানম মিতু, সেলিমা রউফ চৌধুরী, এলিজা জামান, সাবেরা আলাউদ্দিন হেনা, রিজিয়া ইসলাম, নিপুন রায় চৌধুরী, রাবেয়া আলী ও তাহমিনা খান আওরঙ্গ।