মওদুদের বাড়ির রায় বাতিল ‘নীল নকশারই’ অংশ: ফখরুল
বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে সরকারের ‘নীল নকশার’ অংশ হিসেবে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ি নিয়ে হাই কোর্টের রায় আপিল বিভাগ বাতিল করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ব্যারিস্টার মওদুদ সাহেবের বাড়ির মামলার রায় প্রমাণ করল যে তাদের (সরকার) মূল লক্ষ্য হচ্ছে- তারা জঙ্গিবাদ নির্মূল নয়, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা নয়, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করা নয়, মানুষের আয়-রোজগার বাড়ানোর দিকে নয়, অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়।
“তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে- ক্ষমতায় টিকে থাকা। সেটা যে করেই হোক, বিরোধী দলকে সম্পূর্ণ নির্মূল করতে যদি হয়, তাতেও তাদের এতটুকু দ্বিধা নেই এবং তা তারা করে চলেছে। তারা মামলা-মোকাদ্দমা দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আমরা সরকারের এই প্রক্রিয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।”
অবিলম্বে এই ‘ভয়াবহ’ পথ থেকে ‘গণতন্ত্রের পথে’ ফিরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল।
ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়ি তার ভাই মনজুর আহমেদের নামে মিউটেশন (নামজারি) ও ডিক্রি জারি করতে হাই কোর্টের দেওয়া রায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করে।
পাশাপাশি ওই বাড়ি নিয়ে দুদকের মামলায় অভিযোগ
আমলে নেওয়াকে বৈধতা দিয়ে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মওদুদ ও তার ভাইয়ের করা লিভ টু আপিলও সর্বোচ্চ আদালত নিষ্পত্তি করে দিয়েছে।
ফলে মামলাটি বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে মওদুদের
বিরুদ্ধে সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলাও আর টিকছে না।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল ঢাকা সেনানিবাসে জিয়া পরিবারকে দেওয়া বাড়ির বরাদ্দ বাতিলের প্রসঙ্গ তোলেন।
তিনি বলেন, “এই সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সচেতনভাবে ও সুপরিকল্পিতভাবে বিরোধী দল ও মতকে নির্মূল করবার জন্য নীল নকশা তৈরি করে তা বাস্তবায়নে এগিয়ে চলেছে। এরই অংশ হিসেবে তারা তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছে।”
জঙ্গিবাদ দমনের সরকারের কোনো আন্তরিকতা নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন একজন দেশপ্রেমিকের মতো সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেটাকে সরকার বিদ্রুপ করছে। শুধু তাই নয়, তারা এখন জঙ্গিদের ধরার নাম করে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। প্রথম দফায় তারা ১৬ হাজার গ্রেপ্তার করেছে।
মওদুদ আহমদ ৩৭ বছর যে বাড়িতে থাকছেন সেটির মালিক এক অষ্ট্রিয়ান নাগরিক উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর বাড়িটি ভুলক্রমে এবান্ডেন্ট হিসেবে সরকার তালিকায় নেয়। পরবর্তিতে সরকার ভুল স্বীকার করে সেই অস্ট্রিয়ান নাগরিককেই রেজিস্ট্রি করে দিয়েছে।
“পরে ওই অস্ট্রিয়ান নাগরিক বাড়িটি পাওয়ার অব অ্যার্টনির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেন। বায়নাপত্র হয়। মওদুদ আহমদের ভাইয়ের নামে বাড়িটি রেজিস্ট্রি হয়েছে,” বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, “অ্যাটর্নি জেনারেল সাহেব মাহবুবে আলম আদালতে বলেছেন, উনি ব্যক্তিগতভাবে অস্ট্রিয়া গেছেন। সেখানে গিয়ে উনি খবর এনেছেন, পাওয়ার অব অ্যার্টনি হোল্ডার বাড়িটি রেজিস্ট্রি করার কয়েকদিন আগে মারা গেছেন।
“অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত উদ্যোগে কারণে এই মামলা করে ব্যারিস্টার মওদুদ আহমদকে তার বাড়ি থেকে বের দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।”
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
