২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খালেদার বিবৃতি

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 05:19 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বিএনপিপ্রধান বানভাসি মানুষের দুর্দশায় দুঃখপ্রকাশ করে বলেন, “আমি বন্যা কবলিত মানুষজনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার ও বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সাথে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“বিএনপি এই গুরুতর সংকটে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে থাকবে,” বলেও বিবৃতিতে বলেছেন খালেদা জিয়া।

উত্তরাঞ্চেলের বিভিন্ন জেলার পর দেশের মধ্যাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। মধ্য জুলাই থেকে বন্যায় দেশের ১৬ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যাতে এ পর্যন্ত ২১ জন মারা গেছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানালেও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মৃতের সংখ্যা ৪২ জন।

সরকারি হিসাবে, এ পর্যন্ত বন্যায় ১৬ জেলার ৭২টি উপজেলার ৩৭৮ ইউনিয়নের ছয় লাখ ৩৪ হাজার ৪০৯টি পরিবার ক্ষতিগ্রস্তের পাশাপাশি আট হাজার ১৪০টি ঘরবাড়ি নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বন্যা কবলিত এলাকায় খাদ্য, সুপেয় পানি এবং ওষুধের তীব্র সংকটে থাকা মানুষের দুর্ভোগ কমাতে সরকারের ‘নির্লিপ্ততার’র সমালোচনা করেন।

তিনি বলেন, “দুর্গত এলাকায় মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কার্য্কর পদক্ষেপ গ্রহণ করে নাই। সরকারের সর্বনাশা নীতির কারণে বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। এই ভয়াবহ বন্যার ব্যাপকতা দুর্গত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দেবে।”