জঙ্গিদের প্রশ্রয়দাতারাও পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও চিহ্নিত করে বিচারের আওয়তায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “জঙ্গিদের ধংস করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই জঙ্গিদের চিহ্নিত করা হচ্ছে। যারা জঙ্গিদের অর্থের যোগান দিচ্ছে, আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।”
জঙ্গিদের চিহ্নিত করা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, “আমরা এই জঙ্গিদের আজকে থেকে চিনি না। তারা ২০১৩ সালে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তখন তারা বলেছে চাঁদে নাকি সাঈদীকে দেখা গেছে। এরপর শুরু করেছে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা। যখন আমরা এসব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তখন নতুন করে শুরু করেছে গুপ্ত হত্যা। এরই ধারাবাহিকতায় দেশি-বিদেশি মানুষকে টার্গেট করে হত্যা করা হচ্ছে।”
গুলশানের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুলশানে জঙ্গিরা হামলা শুরু করার মাত্র তিন মিনিটের মাথায় একজন পুলিশের উপ-পরিদর্শক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এই খবর শুনে ওসি সালাহউদ্দিনসহ অন্যরা দ্রুত ওখানে টিম নিয়ে গেলে তিনি নিহত হন। আর বিএনপি এইটা নিয়েও অনেক কথা বলছে।”
কল্যাণপুরের ঘটনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “বিএনপি নেতা গয়েশ্বর বলেছেন জঙ্গিদের পেছন থেকে গুলি করা হয়েছে কেন? আমি বলব পুলিশ কি জঙ্গিদের ডেকে বলবে, এই জঙ্গি আমরা কি আপনাদের পিছনে গুলি করব; না সামনে দিয়ে করব? বাংলাদেশের পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।”
মহানগর নাট্য মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, “জঙ্গিবাদের কারণে রাজনৈতিক সুবিধা নিচ্ছে বিএনপি। জঙ্গিরা যখন আক্রমণ করে তখন সামনে থাকে জঙ্গিরা আর পেছনে থাকে বিএনপি-জামায়াত। সময় এসেছে জামায়াত ও এর ছাত্র সংগঠন শিবিরকে নিষিদ্ধ করার।”
এছাড়া জামায়েতের অর্থ যোগানদাতা প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের কাছে দাবি জানান রাশেদ খান মেনন।
আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “জঙ্গিবাদকে দমন নয়, তাদেরকে নির্মূল করতে হবে। সবাই সবার দিকে দৃষ্টি রাখলে জঙ্গিরা মাথাচারা দিয়ে উঠতে পারবে না।”
জঙ্গি নিয়ন্ত্রণ সময়ের ব্যাপার মন্তব্য করে তিনি বলেন, “এই জঙ্গিবাদ নির্মূল করা এখন সময়ের ব্যপার মাত্র। আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যে জঙ্গি নির্মূল হয়ে যাবে।”
মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
