খালেদার কার্যালয় সরলে কি গুলশান নিরাপদ হবে: বিএনপি
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কূটনীতিক পাড়া গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে দেওয়া হবে বলে খবর শুনে উদ্বেগ জানিয়েছে দলটি।
বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, “গুলশানের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিস সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা আমি কিছুক্ষণ আগে শুনলাম।
“তাহলে আমার প্রশ্ন- শোলাকিয়ায় যে ঘটনা ঘটল, ওখান থেকে কী বিএনপি অফিস সরিয়ে নেবেন কিংবা সারাদেশে বিএনপির যে অফিস আছে, ওইগুলো কী সরিয়ে নেবেন?”
সরকারের এই ধরনের পদক্ষেপ না নিতে হুঁশিয়ার করে তিনি বলেন, “গুলশানে দলের ওই একটা অফিস সরিয়ে দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। তখন ঢাকায় এবং বাংলাদেশের ঘরে ঘরে দেশনেত্রীর কার্যালয় তৈরি হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশের প্রতিটি অঞ্চলই আজ হুমকির সম্মুখীন। শুধু পার্টিকুলার গুলশান থেকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সরে গেলে সেই এলাকা নিরাপদ হবে, সেই গ্যারান্টিটা সরকার কোথা থেকে পেল?
“জঙ্গিরা কী সরকারকে জানাইছে যে আমরা গুলশান কূটনীতিকপাড়া ছাড়া অন্য কোথাও হামলা করব না।”
নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে সিসি ক্যামেরা লাগাতে আইন প্রয়োগকারী সংস্থার টেলিফোন আসার কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, “এই ক্যামেরাটা কী জন্য লাগানো হবে? এটা কি আমাদের নিরাপত্তার জন্য?
“এটা সরাসরি হস্তক্ষেপ। আমার অফিসে ক্যামেরা লাগবে কি লাগবে না, এটা আমার ব্যাপার। খুব বেশি হলে সরকার এই ব্যাপারে সরকার আমাকে উপদেশ দিতে পারে। আমি নিজের পয়সায় ক্যামেরা লাগিয়ে নেব। কিন্তু জোর করে ক্যামেরা লাগানোর অর্থ হল যে আপনারা আর অফিসে আইসেন না।”
