সব জানলে ব্যবস্থা কেন নয়, প্রশ্ন নজরুলের
গুলশান ও শোকাকিয়ায় জঙ্গি হামলার ‘আগাম তথ্য’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, তাহলে সরকার কেন প্রতিরোধের ব্যবস্থা নেয়নি।
সোমবার নয়া পল্টনে এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন।
নজরুল বলেন, “গতকাল (রোববার) এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গুলশান-শোলাকিয়ার ঘটনার বিষয়ে তারা আগেই অবগত ছিলেন। তাহলে প্রশ্ন- তিনি বা তার সরকার আগে থেকেই তা প্রতিরোধের ব্যবস্থা করেন নাই কেন?
“এমন একটি মারাত্মক ষড়যন্ত্র সম্পর্কে জানা থাকা সত্ত্বেও যথাসময়ে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা নিতে সরকারি ব্যর্থতার জন্য এতোগুলো দেশি-বিদেশি মানুষ যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হল তার দায়ভার কে নেবে?”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার এক অনুষ্ঠানে বলেছিলেন, “আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে একটা কিছু হতে যাচ্ছে, হতে পারে গুলশান এলাকায়। আমরা নানানভাবে তৈরি ছিলাম।”
তবে একদিনের মধ্যে তিনি তার ওই বক্তব্য থেকে সরে এসে সোমবার বলেন, হামলার আশঙ্কা গোয়েন্দারা করলেও স্থানের বিষয়টি স্পষ্ট ছিল না।
মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল।
তিনি বলেন, “আগে তথ্য পাওয়ার পরও যে সরকার এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে ব্যর্থ হয়, সেই সরকারের সামর্থ্য ও আশ্বাসে জনগণ কতটা নির্ভর করতে পারে? শুধু প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই যে এই ধরনের সমস্যা মোকাবিলা করা যায় না গুলশান-শোলাকিয়ায় তা আবার প্রমাণিত হল।”
গত ১ জুলাই গুলশানে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন।
এরপর ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় দুই পুলিশ ও এক নারী নিহত হন।
