উগ্রবাদ ঠেকাতে ‘কৌশল’ ঠিক করছেন খালেদা: ফখরুল
‘জাতীয় ঐক্যের’ মাধ্যমে উগ্রবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘কর্মকৌশল’ ঠিক করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ত্রাস ও উগ্রবাদকে জাতির জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে বর্ণনা করে তা প্রতিরোধের উপায় নিয়ে খালেদা জিয়া ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন এবং সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে শুক্রবার সাংবাদিকদের জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “এটাকে মোকাবেলা করার জন্য দেশনেত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জাতীয় ঐক্যের এই ডাকে তিনি পরবর্তী কী কী পদক্ষেপ নিতে পারেন, সেগুলো নিয়ে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ শুরু করেছেন।
“সকলের সঙ্গে আলোচনা করেই দেশনেত্রী তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।”
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যার পর জঙ্গিবাদ প্রতিরোধে দল-মত নির্বিশেষ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে সরকারকে আহ্বান জানান খালেদা।
তবে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার জন্য জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে এবং তার দলটিকে পৃষ্ঠপোষকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তার আহ্বান প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের নেতারা।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের উপেদেষ্টা এজেডএম জাহিদ হোসেনে এসময় তার সঙ্গে ছিলেন।
পাকস্থলির জটিলতায় গুরুতর অসুস্থ রিজভীকে গত বুধবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে একদল বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীর বৈঠক হয়।
সে সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমরা ধারাবাহিক যে কর্মসূচি নিয়েছি, সকল স্তরের ব্যক্তিদের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সিভিল সোসাইটির সঙ্গে কথা বলে এই ভয়াবহতা কীভাবে প্রতিরোধ করা যায়, তার ব্যাপারে একটা কার্য্ক্রম গ্রহণ করবেন দেশনেত্রী।
“সেটারই প্রস্তুতি সভা হয়েছে গতকাল। ওই প্রস্তুতি সভায় বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত দিয়েছেন। সেই মতামত দেশনেত্রী শুনেছেন।”
‘তাহলে পছন্দের লোক নিয়ে রাস্তায় নামুক’
শুক্রবারই জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নাগরিক সংসদের’ উদ্যোগে এক আলোচনা সভায় খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, “রাতে হউক, দিনে হউক, আমাদের জাতির সামনে যে আঘাত এসেছে, তখন কোনো প্রশ্ন ও বির্তক না করে সবার যা যা আছে, তা নিয়ে মোকাবেলা করার জন্য রাস্তায় নাম প্রয়োজন। হ্যাঁ, সরকার আমাদের সঙ্গে না বসতেই পারে। কিন্তু তার লক্ষ্য যদি সন্ত্রাস দমন হয়, তার পছন্দ লোক নিয়ে রাস্তায় নামুক।
সন্ত্রাস ও জঙ্গি দমনে ‘গণতান্ত্রিক অধিকার ও সুযোগ’ উন্মুক্ত করার দাবি জানিয়ে গয়েশ্বর বলেন “আমাদের নেত্রী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। সকলের সাথে আলাপ করে আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস যাতে ফলপ্রসূ হয়, লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের কর্মপন্থা আমরা নির্ধারণ করব। আমাদের নেত্রী তা ঘোষণা দেবেন, তারপরই আমরা নামব।”
সংগঠনের সভানেত্রী ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা আহমেদ আজম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, শাহিদুর রহমান তামান্না, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।
