জোট নেতাদের সঙ্গে বসছেন খালেদা
গুলশানে ক্যাফেতে হামলায় প্রাণহানির পর জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের আহ্বান জানানো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসছেন।
গুলশানের কার্যালয়ে রাত ৯টায় এই বৈঠক হবে বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সাম্প্রতিক দুই জঙ্গি হামলার পর পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নিয়ে আলোচনা করতে জোটের শরিকদের সঙ্গে খালেদা জিয়া এই বৈঠক করছেন বলে এক নেতা জানিয়েছেন।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহতের পর সপ্তাহ না হতেই ঈদের সকালে শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা হয়। ঈদ জামাতের আগে ওই হামলায় দুই পুলিশ এবং পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির মধ্যে এক গৃহবধূ নিহত হন।
গুলশান হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার শোক কর্মসূচি পালন করে বিএনপি।
ওই হামলার পর এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ প্রতিরোধে দল-মত নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান খালেদা জিয়া।
তবে তার জন্য বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগের শর্ত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
