মেনন-ইনুর কাছে ‘ভালো’ কথা শুনতে চান আব্বাস
টেলিভিশন টকশোতে মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর কথা শুনে ক্ষুব্ধ হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের শীর্ষ দুই নেতা শুধু বিএনপিকে বকাবকি করেন বলে অভিযোগ দলটির ঢাকা মহানগরের আহ্বায়কের।
মঙ্গলবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শোক সভায় তিনি বলেন, “টেলিভিশনে মেনন (বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন) সাহেবের বক্তৃতা শুনলাম, ইনু (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) সাহেবকে দেখলাম বক্তৃতায়। এ বাবা! উনারা মনে হয়, বিএনপিকে না বকলে...।
“আমি একটা কথা বলতে চাই, বিএনপিকে না বকে সাতদিন মেনন-ইনু বক্তব্য রাখবেন, সেই বক্তব্য যদি ‘ভালো’ বক্তব্য হয়, আমি তাদের ঢাকা-আমেরিকার ফ্লাইটের টিকেট দেব।”
“অন্য কেউ বলুক না বলুক, ইনু সাহেবরা বুঝেছেন। কারণ কী জানেন? উনারা তো অভ্যস্ত এই সমস্ত কর্মকাণ্ড ঘটার পর রাজনৈতিক যে পানি ঘোলা করা, ঘোলা পানিতে মাছ শিকার করে ফায়দা লুটার জন্য উনারা অভ্যস্ত। প্রমাণিত এটা।”
গত ১ জুলাই গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এই শোক সভার আয়োজন করে মহানগর বিএনপি।
কারও নাম উল্লেখ না করে সরকারের অন্য এক মন্ত্রীকে নিয়ে মির্জা আব্বাস বলেন, “ইদানিং টেলিভিশন আমি দেখি না। তবে কোনো কোনো সময় টিভি পর্দার সামনে চোখ পড়ে যায়। গতকাল (সোমবার) দেখলাম- কী রণরঙ্গিনীমূর্তি এক মহিলা মন্ত্রীর।
“ভাইরে ভাই, না দেখলে বুঝা যাবে না এটা। রণরঙ্গিনীমূর্তি উনার। আর সেখানের সকল বক্তারা পারলে বিএনপিকে এখনই চিবিয়ে খেয়ে ফেলে।”
গুলশানের হামলা কোনো দল বা সরকারের বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের বিরুদ্ধে বলে মন্তব্য করেন তিনি।
