ড্যান্ডি ডাইং মামলার শুনানি মুলতবি
ড্যান্ডি ডাইংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের করা ৪৫ কোটি টাকা ঋণখেলাপি মামলায় একজন বিবাদী বিচারকের প্রতি অনাস্থা দিয়ে শুনানির জন্য আরও সময় পেয়েছেন।
এ বিবাদী হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দরের স্ত্রী নাসরিন আহমেদ।
মঙ্গলবার ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতে তার আইনজীবী মো. আসাদুজ্জামান শুনানি মুলতবির আবেদন জানিয়ে বলেন, এ মামলার বিচার্য বিষয়কে (ইস্যু গঠন) চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।
দুপুরে শুনানিতে অন্য বিবাদী খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়াও একই কারণ দেখিয়ে সময় চাইলে তা নাকচ করে বিকালে বাদীর অবশিষ্ট জবানবন্দি নেওয়ার সময় রাখেন বিচারক ফাতেমা ফেরদৌস।
বিকালে আইনজীবী সানাউল্লাহ মিয়া হাই কোর্টের আদেশের সত্যায়িত কপি জমা দেওয়ার জন্য সময় চেয়ে বলেন, অন্তত কয়েকদিনের হলেও সময় প্রয়োজন।
এরপর বিচারক হাই কোর্টের আদেশ দাখিলের জন্য ৭ দিনের সময় দিয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।
বিচারক বলেন, ওই দিন রিট আবেদনের আদেশ দাখিল না করলে বাদীর অবশিষ্ট বক্তব্য শোনা হবে।
বাদী সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে ৩ এপ্রিল বাদীর আংশিক জবানবন্দি নেওয়ার পর খালেদা জিয়াসহ অন্য বিবাদীরা তিনটি তারিখে সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে সময় নেন। এনিয়ে চার বার সময় নিলেন তারা।
গত ৩ এপ্রিল এ মামলায় খালেদা জিয়াসহ ১৫ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন বাদী সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নজরুল ইসলাম আংশিক সাক্ষ্য দেন।
তার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ এপ্রিল, ১১ মে, ১৯ জুন দিন ঠিক করেছিলেন বিচারক।
মামলার নথিপত্রসূত্রে জানা যায়, আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শামিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য ২০১৫ সালের ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
সে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৬ মার্চ ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসান আরা হ্যাপী এ মামলায় তাদের বিবাদী করেন।
ওই বছরের ২৪ জানুয়ারি আরাফাত হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান।
মামলায় অন্য বিবাদীরা হলেন- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার মামা প্রয়াত সাঈদ ইস্কান্দারের ছেলে শামস ইস্কান্দার ও সাফিন ইস্কান্দার, মেয়ে সুমাইয়া ইস্কান্দার, তাদের মা নাসরিন আহমেদ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন (অন্য মামলায় বর্তমানে কারাগারে), মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।
মামলার আরজিতে বলা হয়, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের অনুকূলে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে।
২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সুদ মওকুফ করে। পরে বিবাদীদের আবেদনে ব্যাংক আবারও ঋণ পুনঃতফসিলীকরণ করে দেয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বার বার কালক্ষেপণ করতে থাকেন।
২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিস দেওয়ার পরও কাজ না হওয়ায় এই মামলা করে সোনালী ব্যাংক।
৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর মামলাটি হয়। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি খালেদাসহ ১৫ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন বিচারক।
