২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে সোমবার শহীদ মিনারে সমাবেশ

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণি পেশার লাখো মানুষকে নিয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীতে রোববার এক আলোচনা সভায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, “জনগণ জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। সোমবার ১৪ দল কেন্দ্রীয় শহীদ মিনারে নানা পেশার কয়েক লাখো মানুষ নিয়ে সমাবেশের মাধ্যমে জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

এ সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাড়া-মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের তাগিদ দেন।

নাসিম বলেন, “প্রত্যেক পাড়ায় মহল্লায় কমিটি গঠন করুন। তবে কমিটি যেন আওয়ামী লীগের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওখানে মসজিদের ইমাম, পাশের স্কুলের শিক্ষকসহ সর্ব সাধারনের কমিটি করতে হবে।”

সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, মহানগর দক্ষিণের সাধারণ সধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার বিকেলে ধানমণ্ডিতে যৌথ সভা করে এ সমাবেশের ডাক দেয় ১৪ দল।