২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহযোগীদের আ. লীগ কার্যালয় ছাড়তে হবে ১৫ জুলাইয়ের মধ্যে

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য সকল সহযোগী সংগঠনকে ১৫ জুলাইয়ের মধ্যে ওই কার্যালয় ছাড়তে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 02:24 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

রোববার কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই নির্দেশনা দেন।

সভা শেষে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে হানিফ সাংবাদিকদের বলেন, “১৭ জুলাই এ কার্যালয় ভাঙা শুরু হবে। আপনারা ১৫ জুলাইয়ের মধ্যে কার্যালয় ছেড়ে দিবেন।”

বহুতল ও দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দলীয় কার্যালয় নির্মাণের স্বার্থেই ভবনটি ভাঙা হচ্ছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হানিফ বলেন, “আধুনিক দশ তলা এই কার্যালয়ে বড় কনফারেন্স হলসহ লাইব্রেরি, সাংবাদিক লাউঞ্জ ও আইটি বিভাগ থাকবে।”

এর আগে গত এপ্রিল মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভবনটি ৩০ মের মধ্যে খালি করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সৈয়দ আশরাফ বলেছিলেন, ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রস্তাবিত হেড অফিসের নকশা অনুমোদন করেছেন। হেড অফিসটি নির্মিত হবে বর্তমান ঠিকানা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকায়।

“এ অবস্থায় ওই স্থান থেকে আওয়ামী লীগ এবং অন্য সংগঠনের অফিস সরিয়ে নিতে অনুরোধ করছি। বর্তমান ভবনটি খালি হওয়ার পর সেটি ভাঙার কাজ শুরু হবে।”

রাজউক অনুমোদিত নতুন ভবনের নকশা অনুযায়ী ভবন নির্মাণের কাজ শেষ করা হবে। আসছে সেপ্টেম্বরের মধ্যে মূল ভবন নির্মাণের কাজ শুরু করে দুই বছরের মধ্যে তা শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।