২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে নিহতদের স্মরণে ১২ জুলাই বিএনপির শোক

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে একদিন শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 03:01 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মঙ্গলবার নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ জুলাই শোক পালনের এ ঘোষণা দেন।

তিনি বলেন, ওইদিন সারাদেশে বিএনপির কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া গুলশানে হামলায় নিহতদের স্মরণ করে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন সেদিন; মহানগর ও জেলা পর্যায়ে শোক সভা ও শোক মিছিল হবে।

শুক্রবার রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা হামলা চালায়। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানে সেখানকার জিম্মি সঙ্কটের অবসান হয়।

অভিযান শেষে সেনা সদস্যরা ওই ক্যাফের ভেতরে ২০ জনের জবাই করা লাশ পান, যাদের ১৭ জনই বিদেশি নাগরিক।

কূটনৈতিক পাড়া সংশ্লিষ্ট ওই রেস্তোরায় হামলা ‘সমগ্র জাতিকে স্মম্ভিত ও আতঙ্কিত করেছে’ মন্তব্য করে মির্জা ফখরুল সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ করতে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

ভয়াবহ ওই হামলার পর বাংলাদেশে রবি ও সোমবার দুইদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। সোমবার আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদলও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।