‘আদালতের নিষেধাজ্ঞায়’ এনপিপির ইফতার আয়োজন বাতিল
আদালতের নিষেধাজ্ঞায় ২০ দলীয় জোটের অন্যতম শরীক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) রোববারের ইফতার পার্টি বাতিল হয়ে গেছে।
জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই ইফতারে যোগ দেওয়ার কথা ছিল।
এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, “সকালে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, রমনা মডেল থানার পুলিশ কর্মকতারা তাদেরকে ইফতার মাহফিলের অনুমতি বাতিলের কথা জানিয়েছে।
“ফলে আমরা আজকের ইফতার পার্টি করতে পারছি না।”
গত ৮ জুন এনপিপির শেখ শওকত হোসেন নীলু নেতৃত্বাধীন অংশ রমনা মডেল থানায় ফরিদুজ্জামানের এনপিপির ইফতার পার্টি যাতে না হয়, সেজন্য একটি জিডি করে।
পরে নীলুর দল চতুর্থ জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে ওই ইফতার অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে হোটেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলে।
রমনা জোনের পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমরা হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়েছে।”
খালেদা জিয়া এবার এতিম-উলামা-মাশায়েখ, রাজনীতিবিদ, পেশাজীবী ও কুটনীতিকদের সন্মানে চারটি ইফতার পার্টি দিয়েছেন।
এরপর থেকে তিনি জোটশরিকদের ইফতারে যোগ দিচ্ছেন। শনিবার তিনি হোটেল পূর্বানীতে জাগপার ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন।
