দাতব্য ট্রাস্ট: খালেদার লিভ টু আপিল শুনানি ১ অগাস্ট
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন, তার ওপর ১ অগাস্ট আপিল বিভাগে শুনানি হবে।
খালেদার করা আবেদন দুটি শুনানির দিন ধার্যে আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ দিন ঠিক করে দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
ব্যারিস্টার বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল দুটি শুনানির দিন ঠিক করতে আবেদন করা হয়। চেম্বার বিচারপতি আবেদন দুটি ১ অগাস্ট নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে দেন।
বিচারের শেষ পর্যায়ে থাকা ওই মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নিম্ন আদালতে নাকচের পর মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়া হাই কোর্টে দুটি আবেদন করলে ১৫ মে তা খারিজ হয়। আদেশের অনুলিপি প্রকাশের পর এর বিরুদ্ধে ৩১ মে পৃথক দুটি লিভ টু আপিল করেন।
এর আগে ওই মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীবীরা গত ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।
ওই আদেশে বাতিল চেয়ে পরদিন হাই কোর্টে দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। সেই আবেদনের ওপর শুনানি শেষে ১৫ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ তা খারিজ করে দেয়।
মামলার বৃত্তান্ত
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া অন্য চার আসামি হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।
