২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার টিউমার অপসারণ

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বাম উরু থেকে টিউমার অপসারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 01:26 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে সোমবার সকালে ক্যান্সার বিশেষজ্ঞ ড. প্যাট্রিক জে বোলান্ড তার শরীরে অস্ত্রোপচার করেন বলে খোকার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না জানিয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিন ঘণ্টার অস্ত্রোপচার শেষে বেলা ১টা থেকে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনির। সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে কেবিনে নেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় খোকার স্ত্রী ইসমত আরা ও ছেলে ইশফাক হোসেন হাসপাতালে ছিলেন বলে সিদ্দিকুর জানান।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে যান ঢাকার সাবেক মেয়র খোকা। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে কিডনি সংক্রান্ত জটিলতারও চিকিৎসা নিচ্ছেন তিনি। কয়েক মাস আগে চিকিৎসকরা তার বাম উরুতে টিউমার শনাক্ত করেন।

সিদ্দিকুর বলেন, “ক্যান্সারের জীবানু ছড়িয়ে পড়ার আশঙ্কায় টিউমারটি অপসারণের সিদ্ধান্ত নেন তারা। টিউমার অপসারণে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন খোকা।”

এদিকে খোকার পরিবার তার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে বলে ঢাকায় তার একান্ত সহকারি মনিরুল ইসলাম খান জানিয়েছেন।

বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একাধিক মিলাদ মাহফিলের মাধ্যমে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল করে।