২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্রপন্থি ঠেকাতে সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় ফখরুলের

সাম্প্রতিক সময়ের কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উগ্রপন্থিদের হামলা রোধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

ঝিনাইদহের সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার নিন্দা জানাতে গিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “জঙ্গিবাদের ফলে দেশবাসীর রক্তক্ষরণের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে আদৌ কোনো ইচ্ছা সরকারের আছে কিনা- তা নিয়ে জনমনে এক বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

“জঙ্গিবাদ দমনে সরকার এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য অগ্রগতি সাধন করতে পারেনি। এদের নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার কারণে সকলের মধ্যে আতঙ্ক ও ভীতির সীমানা ক্রমাগতভাবে বিস্তার লাভ করছে।”

তাই উগ্রপন্থিদের হামলা রোধে দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির হত্যাকারীদেরও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে চট্টগ্রাম ও নাটোরের হত্যাকাণ্ডের পর ঝিনাইদহের পুরোহিত হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‍“ভোটারবিহীন সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গিবাদী উগ্রপন্থিরা মনে হয় দেশের কর্তৃত্ব গ্রহণ করেছে। দেশে চলছে বেছে বেছে হত্যাকাণ্ড।

“এই হত্যাকান্ডের শিকার হচ্ছেন ভিন্ন মতাবলম্বী ব্লগার, ধর্মগুরু, পুরোহিত, যাজক, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান সম্প্রদায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশি নাগরিক, মসজিদের ইমান, মোয়াজ্জিন, পীর, পীরের শিষ্য. প্রকাশক, পুলিশ সদস্য ও পুলিশ সদস্যের পরিবার।”

‘জঙ্গিবাদের মরণঘাতী আঘাতের পৌণঃপুনিকতা এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে’ মন্তব্য করে বিএনপি নেতা ফখরুল বলেন, ‍‍“এই হত্যাকাণ্ডগুলোর এখন কোনো বিরতি নেই।

“প্রায় প্রতিদিনই দেশে কোনো না কোনো জনপদে দানবীয় আক্রমণের শিকার হচ্ছেন কেউ না কেউ। এতে দেশবাসী আজ হাড়হিম করা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। ভীত সন্ত্রস্ত্র মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।”

জঙ্গি ও উগ্রপন্থি প্রতিরোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করে এ বিষয়ে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্যেকে পরস্পরবিরোধী বলে আখ্যায়িত করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে তিনি বলেন, “দেশের মানুষের নিরাপত্তাহীনতায় ভ্রুক্ষেপ না করে সরকারের মন্ত্রী ও নেতারা তোতা পাখির মতো বুলি আওড়িয়ে যাচ্ছেন যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই আশাব্যঞ্জক, দেশে কোনো জঙ্গিবাদ নেই।”

“সংঘটিত হত্যাকাণ্ডগুলোর পর সরকার দলীয় নেতা-মন্ত্রী-এমপিদের পরস্পরবিরোধী বক্তব্য-বিবৃতি ও বিরোধী দলের ওপর দায় চাপানোর মানসিকতায় জঙ্গিরা আরো বেশি উৎসাহিত হচ্ছে। তারা একের পর এক অভয়ারণ্য তৈরি করে যাচ্ছে এবং তাদের অস্তিত্ব ধ্বংস হওয়ার চেয়ে আরও বেশি পুষ্টিলাভ করছে।”