তৃতীয় দিনে দুঃস্থদের খাবার বিতরণে খালেদা
স্বামী জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে তৃতীয় ও শেষ দিনের মতো দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছেন খালেদা জিয়া।
বুধবার বেলা সোয়া ১২টায় মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে খাবার বিতরণের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারপারসন।
এরপর তেজগাঁওযের নাবিস্কো, এফডিসি ও কারওয়ানবাজারে প্রগতি টাওয়ারের সামনে খাবার বিতরণে যান তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, সাহাবুদ্দিন প্রমুখ নেতারা তার সঙ্গে ছিলেন।
খালেদা জিয়া শেষ দিনে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শাহ আলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল, পল্লবী, শেওড়াপাড়া, বিমানবন্দর সড়কের খিলক্ষেত, উত্তরা আমির কমপ্লেক্স, নতুনবাজারের ভাটারা, মধ্যবাড্ডার মোল্লাপাড়া, রামপুরার আল আমীন মার্কেটের সামনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বলে বিএনপির নেতারা জানান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি তিনদিনের খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে।
প্রথম দিন সোমবার খালেদা জিয়া মানিক মিয়া এভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠসহ ৩১টি স্থানে এবং দ্বিতীয় দিন মঙ্গলবার খিলগাঁও জোড়াপুকুর মাঠসহ ৮টি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।
