নাশকতার ৭ মামলায় বিএনপি নেতা রফিকুলের জামিন
নাশকতার অভিযোগে ঢাকার চার থানার সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়।
তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মাদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
রাগীব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিয়ার বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এ পর্যন্ত এই সাতটিসহ ২২ মামলায় তিনি জামিন পেলেন। অপর ছয়টি মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এসব মামলায় জামিন পেলে তিনি মুক্তি পেতে পারেন।
চলতি বছরের ১৬ মে বিচারিক আদালতে আত্নসমর্পন করে জামিন চান রফিকুল। সেদিন আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মতিঝিল, মিরপুর, পল্লবী ও পল্টন থানায় সাত মামলায় নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে ২৯ মে হাই কোর্টে জামিন চেয়ে জামিন চেয়ে আবেদন করেন রফিকুল ইসলাম মিয়া, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
