খালেদার মামলার ‘গতি দেখে’ শঙ্কায় বিএনপি
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দ্রুত শেষ করার সরকারের চেষ্টাকে তাকে রাজনীতি থেকে দূরে রাখার প্রচেষ্টা হিসেবে দেখছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এবিষয়ে শঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, “দেশনেত্রীর বিরুদ্ধে মামলা চলছে এবং মামলাকে কত দ্রুত শেষ করা যায়, তার জন্য তারা (সরকার) চেষ্টা করছে। সুতরাং আমাদের বসে থাকলে চলবে না, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, আমাদের সংগঠিত হতে হবে।
“আমরা যেন আমাদের নেতা একমাত্র আশা-ভরসার স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন রাজনীতি করতে পারেন, সেজন্য তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যাহত করতে পারি।”
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা বিচারের শেষ পর্যায় আছে। এর মধ্যে একটি মামলায় ২ জুন আদালতে হাজিরের আদেশ দিয়ে আগাম প্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার চকবাজার বিএনপি সভাপতি ও মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রয়াত হাজী আজিজুল্লাহর স্মরণে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের এই অনুষ্ঠানের আয়োজন করে মহানগর বিএনপি।
মির্জা ফখরুল বলেন, “ঢাকা মহানগর শুধু নয়, গোটা দেশজুড়ে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের একেবারে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে। ঢাকা মহাগরের চৌধুরী আলমসহ (ডিসিসি-কমিশনার) অনেক নেতাকে গুম করে ফেলা হয়েছে, অনেক নেতাকে হত্যা করা হয়েছে।অনেক ছাত্র ও যুব নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যারা এখনো তাদের পরিবারের কাছে ফিরে আসেনি। জেল থেকে বেরিয়েছে, তার কিছু সময় পরই তুলে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে- এরকম অসংখ্য ঘটনা আছে।
“এই রকম অসহনীয় পরিস্থিতিতে আমরা বাস করছি। আজকে আমরা মিলাদ মাহফিল করবো, প্রতিবাদ সভা করবো- বড় জায়গা পাই না। আমরা একটা জনসভা করব, তার জন্য জায়গা পাই না।”
তিনি বলেন, “কথা বলতে গেলেই মামলা, তারপরে জেল, তারপরে জুলুম। গোটা দেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলেছে।”
প্রয়াত হাজি আজিজুল্লাহও ১১টি মিথ্যা মামলা মাথায় নিয়ে মারা গেছেন বলে জানান ফখরুল।
আইনপ্রয়োগকারীর পরিচয়ে সাদা পোশাকে দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ নেতাকর্মীদের বিভিন্ন সময়ে তুলে নিয়ে যাওয়ার কথা বলে তাদের সন্ধান চান মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
পরে প্রয়াত হাজি আজিজুল্লাহর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মহানগর নেতা আবুল খায়ের ভুঁইয়া ও কাজী আবুল বাশারসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
