জাপার কাউন্সিল অনুষ্ঠিত, চেয়ারম্যান এরশাদই
আবারও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এইচ এম এরশাদ।
শনিবার দলের অষ্টম কাউন্সিলে তাকে নতুন করে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সঙ্গে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান পদে রওশন এরশাদ, কো-চেয়ারম্যান পদে জি এম কাদের এবং মহাসচিব পদে এ বি এম রুহুল আমিন হাওলাদার নির্বাচিত হয়েছেন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয় জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলন।
তবে এর দুই ঘণ্টা আগে থেকেই নেতা-কর্মীরা ওই এলাকায় জড়ো হতে শুরু করেন।
এরশাদ আসেন সকাল সাড়ে ১০টায়। তবে নির্ধারিত সময়েই এসে হাজির হন রওশন এরশাদ, জি এম কাদের, রুহুল আমিন হাওলাদারসহ জ্যেষ্ঠ নেতারা।
‘রওশনপন্থী’ হিসেবে পরিচিত আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, তাজুল ইসলাম, মশিউর রহমান রাঙা, ফখরুল ইমামসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরশাদ। সভাপতির বক্তব্য শেষে দলের সংশোধনী গঠনতন্ত্র পড়ে শোনান জাতীয় পার্টির গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক এবং পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়।
গঠনতন্ত্র পড়ে শোনানোর পর জাতীয় পার্টির আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে এরশাদের নাম প্রস্তাব করেন তিনি।
এ সময় সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা তা সমর্থন করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, সাহিদুর রহমান টেপা, সোলায়মান আলম শেঠ, অধ্যাপক মাসুদা রাশীদ চৌধুরী।
দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তাদের দলীয় গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, যার ফলে চেয়ারম্যান আরও ক্ষমতাধর হয়েছেন।
সংশোধনী অনুযায়ী, চেয়ারম্যান চাইলে যেকোনো সময় প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করতে পারবেন।
