জামায়াতের হরতালে কড়া নিরাপত্তা
যুদ্ধাপরাধে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।
বৃহস্পতিবার সকালে ঢাকার বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। র্যাব সদস্যরাও হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
হরতালের প্রথম তিন ঘণ্টায় রাজধানীর কোথাও জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিংয়ের খবর আসেনি। কোথাও কোনো গোলযোগও ঘটেনি বলে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, “তারা যেন হরতালে কোনো নাশকতা না চালাতে পরে, নাগরিকদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী।”
সাম্প্রতিক সময়ে জামায়াতের অন্যান্য হরতালের মতোই ঢাকার রাজপথে এ কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি দিনের শুরুতে।
সকালে রাস্তায় ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বেড়েছে।
মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়া হয়নি। তবে ঢাকার আশপাশের বিভিন্ন গন্তব্যের বাস ছেড়ে গেছে বলে টার্মিনালের কর্মীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ মে’র এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আগামী ২০ মে হবে। আর কারিগরি বোর্ডের নির্ধারিত বিষয়ের পরীক্ষা হবে ১৫ মে।
আইনি লড়াইয়ের নিষ্পত্তি শেষে বুধবার প্রথম প্রহরে যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
এরপর জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা আসে, যার মধ্যে বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের কথা বলা হয়।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বিবৃতিতে দলের আমির নিজামীকে ‘দেশপ্রেমিক ও দক্ষ জাতীয় নেতা’ অভিহিত করে বলেন, ‘ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয়’ এই নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে ‘হত্যা করায়’ জাতি গভীরভাবে ‘শোকাহত ও সংক্ষুব্ধ’।
“সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করে যে ইতিহাস সৃষ্টি করেছে, তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”
একাত্তরে ভূমিকার জন্য জামায়াতকে ‘ক্রিমিনাল দল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে যুদ্ধাপরাধের একটি মামলার রায়ে। আর এই দলের নেতা নিজামী বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করার লক্ষ্যে তরুণদের উসকে দিতে সচেতনভাবে ইসলাম ধর্মের অপব্যবহার করেছিলেন বলে উঠে আসে আদালতের পর্যবেক্ষণে।
