২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীকে নিয়েও প্রতিক্রিয়া নেই বিএনপির

যুদ্ধাপরাধে দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি, কিন্তু জোট শরিক জামায়াতে ইসলামীর নেতাদের বেলায় আগের মতোই নিশ্চুপ থাকছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 06:49 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

২০ দলীয় জোটের অন্যতম জামায়াতের আমির এবং খালেদা জিয়ার সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কোনো জবাব মেলেনি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত আল বদর নেতা নিজামীর রিভিউ আবেদন গত বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সোমবার তাকে শোনায় কারা কর্তৃপক্ষ।

নিজামীর সামনে এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। তা তিনি না চাইলে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারাগারে দণ্ড কার্যকরের প্রস্তুতির মধ্যে মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এলে এই বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে।

তাকে প্রশ্ন  করা হয়- “২০ দলীয় জোটের অন্যতম শরিক মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্য্কর হতে যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কী?”

উত্তরে তিনি বলেন, “আজকে এই সাবজেক্টের মধ্যে থাকেন। এর বাইরে কোনো কথা নেই। নো।”

একথা বলেই সংবাদ সম্মেলনের সমাপ্তি টেনে নিজ আসন থেকে উঠে যান রিজভী।

২০০১ সালে অক্টোবরে নির্বাচনের পর নিজামী চারদলীয় জোট সরকারের কৃষি ও পরে শিল্পমন্ত্রী হন।

নিজামীর সঙ্গে খালেদা জিয়ার মন্ত্রিসভায় থাকা যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে।

তার আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লার ফাঁসির কার্য্করের পরও বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি।

দলীয় নেতা সালাহউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড কার্যকরের পর বিএনপির মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এসে আসাদুজ্জামান রিপন বলেছিলেন, তার দলের নেতা ‘ন্যায়বিচার থেকে বঞ্চিত’ হয়েছেন।