বিশ্বকবির দর্শন থেকে দূরে দেশ: আমীর খসরু
দেশে আজ ‘মুক্ত চিন্তা ও ভিন্নমত’ প্রকাশের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথের দর্শন ছিল মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা। তার এই দর্শন থেকে বাংলাদেশ আজ দূরে সরে গেছে।
“আজ দেশে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। সামাজিক অধিকারগুলো রক্ষারও সুযোগ নেই্। এসব বিষয়ে কথা বলতে গেলে দমন-নির্যাতন-নিপীড়নের শিকার হতে হচ্ছে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে ‘স্বাধীনতার চেতনায় রবীন্দ্রনাথ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথের দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে আমীর খসরু দেশের বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, “কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার কবি ছিলেন, মুক্ত চিন্তার কবি ছিলেন। তিনি কোনো অঞ্চলের কবি ছিলেন না। সেই জাপানের মানুষের হৃদয়েও তিনি তার লেখনি দিয়ে স্পর্শ করেছেন।
“বিশ্বকবির এই দর্শনের সঙ্গে আমাদের দেশের বাস্তবতার ফারাক অনেক। কবির চিন্তা-চেতনা ও দর্শন থেকে আমরা দূরে সরে গেছি।”
সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু বলেন, “বিশ্বায়নের এই যুগে বিশ্বকবির দর্শনে আমাদের মুক্তি আসতে পারে। এজন্য কবির চেতনাকে আমাদের সকলকে উপলব্ধিতে আনতে হবে।”
সংগঠনের সভাপতি সাবেক সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী নাট্যকার কাবেরী বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, সাংবিধানিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
