২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রায়ের ‍বিরুদ্ধে হরতাল কেন আদালত অবমাননা নয়’

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর হরতাল আহ্বানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 04:30 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

জামায়াতের হরতালের প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “বিচারপতিদের নিয়ে কথা বললে আদালত অবমাননা হয়, মন্ত্রী এমপিদেরও আদালতে তলব করা হয়; তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত যে হরতালের আহ্ববান করেছে, তা কি আদালত অবমাননা নয়?”

‍সর্বোচ্চ আদালতকে সব ক্ষেত্রে সমান প্রতিক্রিয়া দেখানোরও আহ্বান জানান সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।

“আদালত কোনো ক্ষেত্রে সরব, কোনো ক্ষেত্রে নীরব- এটা মানুষ দেখতে চায় না। তাই অবিলম্বে হরতাল আহ্বানকারীদের আদালতে তলব করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

যুদ্ধাপরাধে দণ্ডিত দলের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর জামায়াত হরতাল ডাকে। রিভিউ খারিজের পর একাত্তরের বদর নেতা নিজামীর এখন রাষ্ট্রপতির ক্ষমা ছাড়া ফাঁসিকাষ্ঠ এড়ানোর কোনো সুযোগ নেই।   

যুদ্ধাপরাধীকে বাঁচাতে ডাকা হরতালের ‘প্রচার’ করার জন্য গণমাধ্যমের সমালোচনাও করেন আওয়ামী লীগ নেতা হাছান।

“বাংলাদেশে যে হরতাল হচ্ছে বোঝার কোনো উপায় নেই। গতকাল দেশের কয়েকটি অনলাইন মিডিয়া ও পত্রিকা যদি জামায়াতের হরতালের খবর প্রকাশ না করত, তাহলে দেশের মানুষ জানতই না যে আজ হরতাল আছে।”

খালেদা জিয়াকে ‘হত্যাকারী ও বোমাবাজদের নিরাপদ আশ্রয়’ আখ্যায়িত করে সাম্প্রতিক সময়ে ব্লগার, বিদেমি ও ইমাম হত্যার জন্য বিএনপি নেত্রীকেই দায়ী করেন আওয়ামী লীগ নেতা।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ‍বিরুদ্ধে ‘নোংরা মিথ্যাচার’ থেকে বিরত থাকতেও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

“২০১৯ সালেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এটা জেনেই বিএনপি নেত্রী আলোচনায় থাকার জন্য সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করেছেন।”

খালেদা জিয়াকে ‘হুঁশিয়ার’ করে ক্ষমতাসীনদলের এ নেতা আরও বলেন, “নোংরা কথা বলবেন না, আপনার সম্পর্কে নোংরা অথচ সত্য অনেক কথাই আমাদের জানা আছে। সেসব কথা আমাদের বলতে বাধ্য করবেন না।”

হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ডাকা এ সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক; আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ, জ্যেষ্ঠ সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান।

এর আগে সকাল সাড়ে বঙ্গবন্ধুতে এভিনিউতে হরতালবিরোধী মিছিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

সেখানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিদেশি কয়েকটি রাষ্ট্রের সহযোগিতায় বিএনপি-জামায়াত এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ।

“কয়েকটি রাষ্ট্র আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিএনপি-জামায়াত এখন সেসকল বিদেশি রাষ্ট্রগুলোকে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে যে হরতাল ডাকা হয়েছে তা এই ষড়যন্ত্রের অংশ।”

জামায়াতের ডাকা এ হরতালের বিরুদ্ধে দলীয় কার‌্যালয় এলাকায় মিছিল করে স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।