২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যবস্থা চিরতরে নির্বাসনে পাঠাতে চায় সরকার: নাছির

বর্তমান সরকার ‘প্রহসনের নির্বাচনের’ মাধ্যমে ‘প্রকৃত নির্বাচনী ব্যবস্থাকে’ চিরতরে নির্বাসনে পাঠাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 05:39 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডের নিজ বাসা ‘ডালিয়া কুঞ্জে’ আয়োজিত সংবাদ সম্মেলনে হাটহাজারীর ১৪ ইউনিয়নের নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরে এ অভিযোগ করেন তিনি।

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির বিভাগীয় মনিটরিং টিম চট্টগ্রাম-ক এর প্রধান মীর নাছির।

এই ভোট নিয়ে হাটহাজারীতে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয় দাবি করে মীর নাছির বলেন, “গত ১০ দিন হাটহাজারীতে প্রচারণা চালাতে গিয়ে দেখেছি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১৪টি ইউনিয়নের মধ্যে আমাদের ১১ জন আগের নির্বাচিত চেয়ারম্যান।

“প্রশাসনকে অনুরোধ করেছিলাম, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। কোনো বহিরাগত যেন আসতে না পারে। তারা আমাদের আশ্বস্ত করেছিল।”

সেই আশ্বাসের প্রতিফলন দেখা যায়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা নাছির।

“কিন্তু গতকাল থেকেই পার্শ্ববর্তী ফটিকছড়ি ও রাউজান উপজেলা থেকে বহিরাগতরা মির্জাপুর, ধলই, গড়দুয়ারা ও গুমানমর্দন ইউনিয়নে আসতে শুরু করে। পাশাপাশি চিকনদণ্ডী ইউনিয়নে শহর থেকে এবং ফতেপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসীরা যায়।

“তারা কেন্দ্র দখল করল। এজেন্টদের মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। কোনো কেন্দ্রেই চেয়ারম্যানের ব্যালট পাওয়া যায়নি। সেগুলো আগেই সিল মেরে বাক্সে ভর্তি করা হয়েছে।”

ভোটারদের শুধু সদস্য পদের ব্যালট থাকার কথা বলা হয় অভিযোগ করে তিনি বলেন, “ভোটারদের বলা হয়েছে, মেম্বারের ব্যালট আছে। সেটাতে ভোট দিন। এই প্রহসনের নির্বাচনের মানে কী?

“সরকার প্রকৃত নির্বাচনী ব্যবস্থা চিরতরে নির্বাসনে পাঠানোর জন্য এই প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। বর্তমান সরকার ভোট ব্যবস্থাকে ধ্বংস করতে চায়।”

সংবাদ সম্মেলন শুরুর আগে হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা মীর নাছিরকে ফোন করে ভোট বর্জনের ঘোষণার বিষয়ে তার নির্দেশনা চান।

এসময় মীর নাছির বলেন, বর্জনের প্রশ্নই ওঠে না। মানুষ দেখুক কীভাবে জনগণের ভোট সরকারি দলের লোকজন ছিনতাই করে নিয়ে যাচ্ছে।

“এটা কিসের আলামত। জনগণ শঙ্কিত। গণতন্ত্রের শত্রুদের উৎসাহিত করা হচ্ছে। গণতন্ত্র ব্যর্থ হলে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে।”

‘আওয়ামী লীগের এজেন্টরা ভোট দিচ্ছে’

সংবাদ সম্মেলনের শেষ দিকে সেখানে হাজির হন হাটহাজারীর ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ফোরকান আহম্মদ।

তিনি বলেন, “মনোনয়নপত্র নেওয়ার আগে থেকেই আমাকে এবং আমার কর্মীদের আওয়ামী লীগের লোকজন হুমকি দিচ্ছিল। ৩০ এপ্রিল আমাকে প্রচারণায় যেতেও বাধা দেওয়া হয়।

“গতরাত থেকেই ব্যালটে সিল মারা হয়। বিজিবি-ম্যাজিস্ট্রেটকে ফোন করেছি। তারা ৯টার সময় গড়দুয়ারা বোর্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসে। তার আগেই কেন্দ্র দখল হয়ে যায়।”

বিজিবির সহায়তায় নিজের ভোট দিতে পারলেও তার স্ত্রী-সন্তান ভোট দিতে পারেননি বলে দাবি করেন চেয়ারম্যান প্রার্থী ফোরকান।

তিনি বলেন, “অনেক কষ্টে বিজিবির সহায়তায় নিজের ভোট দিয়েছি। আমার স্ত্রী-সন্তান ভোট দিতে পারেনি।

শনিবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের আশপাশের সড়ক ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ দখলে নেয় অভিযোগ করে ফোরকান বলেন, “লাইনে লোকজন দাঁড় করিয়ে দিয়ে ভেতরে আওয়ামী লীগের এজেন্টরা ভোট দিচ্ছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, নিয়াম মোহাম্মদ খান ও অ্যাডভোকেট আবদুস সাত্তার।