২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের বৈঠকে যাননি ইনু-মেনন

চৌদ্দ দলের যৌথসভায় অংশ নেননি হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ এবং ওয়ার্কার্স পার্টির কোনো প্রতিনিধি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 01:11 AM

Updated : 12 Apr 2022, 02:00 AM

শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শরিক দলগুলোর নেতাদের দেখা গেলেও এই দুটি দলের কেউ অংশ নেননি বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা নিশ্চিত করেছেন।

অবশ্য সদ্য বিভক্ত হওয়া জাসদের অপর অংশের নেতা শরিফ নুরুল আম্বিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

শরিক এই দুই দলের নেতারা কেন বৈঠকে আসেননি তার কারণ জানা যায়নি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু তথ্য মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে নুরুল আম্বিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অংশের নেতারা বৈঠকে ছিলেন। তবে ইনু-শিরিন অংশ এবং ওয়ার্কার্স পার্টির কোনো নেতাকে বৈঠকে দেখা যায়নি।”

৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের উদ্যোগে নাগরিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার ১৪ দলের যৌথসভার আয়োজন করা হয়।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, শহীদ মিনারের নাগরিক সমাবেশে বিএনপিনেত্রী খালেদা জিয়ার সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। ওই সমাবেশ থেকে জঙ্গি, সন্ত্রাস মোকবিলার দিক-নির্দেশনা দেওয়া হবে।

বৈঠকে অন্যদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান অংশ নেন।

পুরনো খবর:

হয় চ্যালেঞ্জ নিন, নয় ক্ষমা চান: খালেদাকে নাসিম