রিজার্ভ চুরি থেকে দৃষ্টি সরাতে শফিক রেহমান গ্রেপ্তার: ফখরুল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সোহাগী জাহান তনু হত্যা নিয়ে মানুষের মধ্যে যে ‘ক্ষোভ’ তৈরি হয়েছে তা ভিন্ন খাতে নিতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের যে অভিযোগ শফিক রেহমানের বিরুদ্ধে আনা হয়েছে তার সঙ্গে এই সাংবাদিকের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছেন তিনি।
তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে সে অনুযায়ী অভিযোগ ‘গুরুতর’ এবং বিএনপিকে আঘাত করতেই তা করা হয়েছে বলে মনে করছেন ফখরুল।
শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার ঢাকায় এক সভায় বিএনপির মহাসচিব ফখরুল বলেন, “যখনই সরকারের ব্যর্থতার বড় রকমের নজির আসে অথবা বড় রকমের অপকীর্তি ঘটায়, তখনই তারা আরেকটি ঘটনা ঘটিয়ে বিভ্রান্ত করে।
“আজকে যখন বাংলাদেশ ব্যাংকের বিশাল ডাকাতি আরেকদিকে তনু হত্যার মধ্য দিয়ে ছাত্র-শিক্ষক-সাধারণ মানুষের যে ক্ষোভ যখন রাজপথে বেরিয়ে আসছে, ঠিক তখনই তা ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে শফিক রেহমানের গ্রেপ্তারের বিষয়টা সামনে নিয়ে এসেছে যেন জনগণ ভিন্নভাবে চিন্তা করে।”
তিনি বলেন, “আমরা যতটুকু জেনেছি, শফিক রেহমান সাহেব এই অপহরণ এবং হত্যা চক্রান্তের সঙ্গে কোনোমতেই জড়িত নন। আমরা যতটুকু জেনেছি, মাহমুদুর রহমান সাহেব এ ধরনের চক্রান্তের সঙ্গে জড়িত নন।
“এ বিষয়ে যে রেফারেন্স দেওয়া হচ্ছে- এফবিআইয়ের রেফারেন্স এবং মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের, তাদের আদালতের রেফারেন্স; আমরা পত্র-পত্রিকায় যা দেখেছি এখন পর্যন্ত, মার্কিন পত্র-পত্রিকায় যা দেখেছি, তাতে করে এই ধরনের কোনো সংবাদ বা এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি।”
যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে সংরক্ষিত তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ার দায়ে গত বছর এক বিএনপি নেতার ছেলেকে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।
ওই ঘটনায় অর্থের বিনিময়ে তথ্য দেওয়ার দায়ে ওই এফবিআই সদস্যেরও কারাদণ্ড হয়েছে। সেই ‘গোপন নথি’ শফিক রেহমানের বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
জয়কে অপহরণ ও তার ক্ষতি করার লক্ষ্যে ওই বিএনপি নেতার ছেলে তার সম্পর্কিত তথ্য সংগ্রহের চেষ্টা করেন বলে মামলার তদন্তে উঠে এসেছে।
ওই ঘটনার এতোদিন পরে শফিক রেহমানকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন ফখরুল।
গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আদালতে শফিক রেহমান। ছবি: আসিফ মাহমুদ অভি
একই কারণে ‘আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির উদ্যোগে আয়োজিত এই সভায় শফিক রেহমানের গ্রেপ্তার নিয়ে ফখরুল বলেন, “আমরা এখন পর্যন্ত মামলা সম্পর্কে যা জেনেছি, পুলিশ ও সরকার প্রধান যা জানিয়েছেন, তাতে অভিযোগ অত্যন্ত গুরুতর। এই অভিযোগ শুধু দুইজনের বিরুদ্ধে নয়, গতকাল তারা বিএনপির প্রতিও এই অভিযোগ নিয়ে এসেছেন।
“এটা হচ্ছে সরকারের নার্ভাসনেসের অংশ। কারণ দীর্ঘ একদলীয় স্বৈরশাসনের ফলে জনগণ যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, জনগণ যখন ক্ষোভে ফুঁসছে সেই সময়ে প্রধান বিরোধী দলকে আবার আঘাত করা এবং গণতন্ত্রের ক্ষেত্রগুলো পুরোপুরিভাবে সংকুচিত করে দেওয়া। সকল স্বৈরাচারই নার্ভাস হয়ে গেলে সব জানালা-দরজা বন্ধ করে দেয়।”
বর্তমানে দেশে ‘একনায়কতন্ত্র’ চালু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ‘ধ্বংস’ করে দিয়েছে।
“তারা যত অপকর্ম করেছে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। এখন তারা গণতন্ত্রের মুখোশ পরে আজকে তারা একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরিভাবে চাপিয়ে দিয়েছে।”
শফিক রেহমানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “সরকারকে আহ্বান করব- সকল অপকর্ম বাদ দিয়ে, সকল চক্রান্ত বাদ দিয়ে, নীলনকশা করে গণতন্ত্র ব্যর্থ করার চক্রান্ত বাদ দিয়ে আপনারা সব রাজবন্দীকে মুক্তি দিন, শফিক রেহমানকে মুক্তি দিন, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদকে মুক্তি দিন। আমরা একটা সুন্দর ও সমঝোতামূলক একটা রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলি।
“দেশনেত্রী আমাদের কাউন্সিলে সেই আহ্বান জানিয়েছে। আমি তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই- আর কাল বিলম্ব নয়, অতি দ্রুত সমঝোতার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে। তাহলে রাজনৈতিক সংকট দূর করা সম্ভব হবে।”
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির নিতাই রায় চৌধুরী, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, আহমেদ জহির হোসেন হাকিম, এমএ ওয়াহিদুর রহমান, নজরুল ইসলাম, এমএ বাশার, ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।
