২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া দাতব্য ট্রাস্ট: হাই কোর্টে খালেদার আবেদন

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যাতে বিচারের শেষ পর্যায়ে থাকা এই মামলার কার্যক্রমে স্থগিতের আরজি রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 07:59 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

নিম্ন আদালতে আপত্তি জানিয়ে করা আবেদন খারিজের এক দিনের মাথায় সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার পক্ষে সোমবার তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আবেদনটি জমা দেন।

খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফিডেভিট করে আবেদনটি জমা দেওয়া হয়েছে। শুনানির জন্য মঙ্গলবার এই আবেদনটি হাই কোর্টে উপস্থাপন করা হবে।”

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা নিয়ে খালেদা জিয়ার আপত্তি নাকচ করে তার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৫ এপ্রিল নতুন তারিখ ঠিক করে দেয় বিচারিক আদালত।

ওই মামলায় আত্মপক্ষ সমর্থনের ধার্য দিনে খালেদা জিয়া ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে রোববার হাজির হয়েছিলেন।

এদিন বিচারকাজের শুরুতেই তার আইনজীবী মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদের দেওয়া জবানবন্দি নিয়ে আপত্তি তুলে নতুন করে সাক্ষ্যগ্রহণের আবেদন জানান।

বিচারক আবু আহমেদ জমাদার ওই আবেদন নাকচ করে দিলে খালেদার অন্যতম আইনজীবী এ জে মোহাম্মদ আলী তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরা করার অনুমতি চান।

বিষয়টি নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডার মধ্যে আত্মপক্ষ সমর্থনের বিষয়টি হারিয়ে যায়।

উচ্চ আদালতে আবেদনের বিষয়ে খোকন বলেন, তদন্ত কর্মকর্তাকে পুণরায় জেরার আবেদন খারিজ করে দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদনটি করা হয়। এতে দুদক ও রাষ্ট্রপক্ষকে বিবাদী করা হয়েছে।

“আবেদনে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছে।”

মামলা বৃত্তান্ত

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।