২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ হওয়ার দিনে ইলিয়াস আলীর বাড়িতে ফখরুল

এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার বছর পূর্তিতে দলের এই নেতার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 08:14 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার বেলা ৩টায় ইলিয়াসের বনানীর বাসায় যান ফখরুল। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রাশদীর লুনার সঙ্গে কথা বলে তার ছেলে-মেয়ের খোঁজ-খবর নেন তিনি।

ইলিয়াস আলীর ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালকে কাছে নিয়ে কথা বলেন ফখরুল। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাইয়ারার পড়ালেখার খোঁজ-খবর নেন তিনি।

সাইয়ারার জন্য আইসক্রিমসহ কিছু খাবারও নিয়ে যান বিএনপি মহাসচিব। ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াসের সঙ্গেও কথা বলেন তিনি।

ইলিয়াস আলীর দুই স্বজন মঞ্জুরুল হাসান, নিজামউদ্দিন আহমেদ এসময় ওই বাড়িতে ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বাড়ির কাছে মহাখালীতে ইলিয়াসের গাড়ি পাওয়া যায়। তখন থেকে নিখোঁজ ইলিয়াস ও তার গাড়িচালক আনসার আলী।

ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি।