২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সঙ্গীত অপমান করেছেন খালেদা: এস এ মালেক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিজের ছবি তোলার জন্য জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এস এ মালেক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, আপনারা এত লোক আলোচনা করেছেন, অথচ পহেলা বৈশাখে বেগম খালেদা জিয়া বিএনপি কার্যালয়ে জাতীয় সঙ্গীত চলাকালে নিজের ছবি ভালোভাবে তোলার জন্য সামনের নেতা-কর্মীদের বসিয়ে দিয়েছেন- এই কথাটি আপনারা কেউ বল্লেন না।”

এস এ মালেক বলেন, “জাতীয় সঙ্গীত চলাকালে বিএনপির সিনিয়র নেতারা ক্যামেরার সামনের লোকদের বলেছেন, ছবি দেখা যাচ্ছে- না আপনারা বসুন। আর তিনি ছবি তোলার জন্য দাঁড়িয়ে তা দেখছেন। ছিঃ ছিঃ খালেদা আপনি কীভাবে এই কাজটা করেছেন? জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন।

“আর এই খালেদা জিয়ার নেতৃত্বে মৌলবাদী শক্তির উত্থান তো হবেই। তার নেতৃত্বে এ দেশে মৌলবাদ জঙ্গীবাদ শক্তির উত্থান হচ্ছে।”

মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এ সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহীম খালেদ ‘সামাজিক অবক্ষয়ের’ জন্য অর্থনৈতিক বৈষম্যকে দায়ী করেন।

“আজকে সমাজে যে মানসিক অবক্ষয় হচ্ছে। মা সন্তানকে হত্যা করছে, হত্যা-খুনাখুনি শুরু হয়েছে- তার জন্য একমাত্র দায়ী বর্তমান অর্থনৈতিক বৈষম্য, পারস্পরিক হিংসা-বিদ্বেষ।”

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “মুজিবনগর সরকারের সময়ও বিশ্বাসঘাতক ছিল-এখনও আছে, আমাদের মধ্যেও থাকতে পারে।

“তাদের থেকে সতর্ক থাকতে হবে। এই বিশ্বাসঘাতকরা যাতে আমাদের কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেদিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ কুমার ঘোস্বামী।

পুরনো খবর:

নয়া পল্টনে বর্ষবরণের অনুষ্ঠানে খালেদা