২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোটে বিএনপি, গয়েশ্বরের কণ্ঠে ক্ষোভ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘মানুষ হত্যার মহা উৎসব চলছে’ অভিযোগ করে সেই ভোটে বিএনপি কেন আছে সে প্রশ্ন তুলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

আন্দোলন সফল না হওয়ার জন্য বিএনপি নেতাদের ‘পদ নিয়ে ব্যস্ততা’ এবং ‘পোড় খাওয়া’ নেতাদের ‘বিলাসী জীবনে অভ্যস্ত হওয়ার’ বিষয়টিও তুলে এনেছেন তিনি।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুন-খারাবির নামে মানুষ হত্যার মহা উৎসব চলছে। জনগণ ভোট দিতে পারছে না, তারা এই ভোট চায় না, এই নির্বাচন চায় না।

“সবাই বলছি, ভোট দিতে পারছে না; সবাই বলছি প্রহসন, সবাই বলছি খুন-খারাবি হচ্ছে। আবার সবাই মিলে এই নির্বাচনটা করছি। এর কারণটা কী?”

বিষয়টিকে কোনো বাবার মৃত্যুর পর সন্তানদের কান্নাকাটি ও সম্পত্তি ভাগ-বাটোয়ারার সঙ্গে তুলনা করেছেন গয়েশ্বর চন্দ্র রায়।

“জনগণ আমাদেরকে যদি ডাবল স্ট্যান্ডার্ড দেখে। একদিকে কাঁদব, আরেক দিকে সম্পত্তির ভাগাভাগি করব; একদিকে বাপের লাশ কাঁধে রাখব, দাফন পরে হবে, সম্পদের ভাগটা আগে হউক। তাহলে তো কিছু হবে না।”

স্থানীয় সরকারের তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় এই নির্বাচনে এবার প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।

প্রথম দুই ধাপের ভোটের পর পরবর্তী চার ধাপের ভোটে থাকা না থাকা নিয়ে বিএনপি নেতাদের মাঝে মতভেদ সৃষ্টি হওয়ার এক পর্যায়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ভোটের লড়াইয়ে থাকার সিদ্ধান্ত দেন।

আলোচনা সভায় পরবর্তী চার ধাপের নির্বাচনে অংশ নেওয়ার দলীয় সিদ্ধান্তের বাইরে না যাওয়ার কথা জানান গয়েশ্বর। তবে ব্যক্তিগতভাবে নিজের ভিন্নমতও তুলে ধরেন তিনি।

“কী কারণে আমরা নির্বাচনে এই সাপোর্ট দিতাছি? এই যে আমরা নির্বাচনে গেলাম, এটা কী সরকারকে সমর্থন দেওয়া হচ্ছে? তারপরে আমাদের মায়া কান্না, পত্র-পত্রিকা-মিডিয়া অথবা জনগণ কী কারণে এটা গ্রহণ করবে? করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি।

“আমি দলের সিদ্ধান্তের বাইরে না। তবে সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নটা আমার থাকতেই পারে- কী কারণে আমরা নির্বাচনে থাকছি? তাদের (সরকার) কী কোনো চরিত্র পরিবর্তন হয়েছে? তারা কী কোনো গ্যারান্টি দিছে, আমি এই অপকর্ম করব না। তারা কী বলছে?”

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দায় কার- সে প্রশ্ন রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার দায়িত্ব কি একমাত্র আমারই? আমি একাই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চাই- তা কী সম্ভব?”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণ সংস্কৃতি দলের’ ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা।

“জন কেরি যে কথা বলেছেন, যে একটা জনগণের সমর্থনহীন নির্বাচনের কারণে বাংলাদেশে মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে। দানবের চরিত্র নিয়ে যারা সরকার চালায়, তাদের কাছে মানবাধিকার ধর্ষিত হবে- এটা তো সোজা কথা। এজন্য গবেষণার প্রয়োজন পড়ে না।”

গণতন্ত্র না থাকলে কোনো মানবাধিকার থাকে না মন্তব্য করে তিনি বলেন, “একমাত্র গণতন্ত্রই মানবাধিকারের অনেক পথকে নিশ্চয়তা দিতে পারে। যেখানে গণতন্ত্রই নেই, সেখানে মানবাধিকারের প্রশ্নটা তো আসে না।”

সভায় চলমান ইউপি ভোটের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার তীব্র সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর।

“একটা নির্লজ্জ নির্বাচন কমিশন ও বেহায়া সরকার এই নির্বাচন করছে। জনগণ ভোট দিতে পারছে না। তারা এই নির্বাচন চায় না। এক পর্যায়ে আমরা হাঁক-ডাক দিয়ে বসলাম, দেশবাসী ভাবল আমরা নির্বাচনটা বর্জন করব। অর্থাৎ প্রহসনের নির্বাচনের সাথে আমরা হাত মিলাব না।

“আমরাও জনগণের সঙ্গে সুর মিলাইলাম দুই-তিনদিন। পরবর্তী পর্যায়ে আমার গানের কথা, সুর গেল আরেক দিকে তলাইয়া। একে একে সুর মিলিয়ে গেল। সব কয়টা নির্বাচনে জয়লাভ করলেই বা কী হবে? সব কয়টা চেয়ারম্যান পদ পাইলেই বা কী হবে?”

জনগণের ভাগ্য পরিবর্তনে ইউপি নির্বাচনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর বলেন, “যে নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তন করবে না, যে নির্বাচন দেশের সংবিধান সংরক্ষিত করবে না, যে নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বের গ্যারান্টি দেওয়া একটি জনগোষ্ঠীকে একত্রিত করে একটি সরকার হবে না- সেই নির্বাচন কতটা গেল, কতটা আসল, প্রয়োজনটা কী।”

‘পদ নিয়ে কাড়াকাড়িতে রাজপথ শূন্য’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, পদ পাওয়া নিয়ে নেতারা ব্যস্ত থাকায় রাজপথ শূন্য হয়ে পড়েছে।

“আন্দোলন কিংবা পরিবর্তনের জন্য মানুষ আশা করে আছে আমাদের ওপর। আমরা সেই পথের সন্ধান করি না; আমরা সবসময় ব্যস্ত থাকি পদের সন্ধানে।

“পদের প্রতিযোগিতায় আজ রাজপথ শূন্য। সুতরাং পদ যেখানে মানুষকে গরম করে, সেখানে রাজপথ শূন্য হওয়া স্বাভাবিক।”

পদের প্রতিযোগিতা রাজপথে হলে ব্যর্থতার দায় কিছুটা কমতো বলে মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়।

“পদের লড়াইটা যদি পথে হতো, তাহলে হয়ত বা রাজপথের আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতার গ্লানি আমাদের উপর চেপেছে, তা হতো না। আমাদের চেষ্টায় আন্তরিকতার অভাব থাকলে সেই চেষ্টা বিফল হবেই।”

সভায় গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ব্যাপক লোক সমাগমের প্রসঙ্গ টেনে তারপরও আন্দোলনে সফল হতে না পারার কারণ খোঁজার আহ্বান জানান দলটির এই জ্যেষ্ঠ নেতা।

“কাউন্সিলে এতো বড় সমাবেশ। কারও মধ্যে কোনো অভিযোগ নেই- খাওয়া পেলাম না, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা পেলাম না, কেউ আমাদের খোঁজ-খবর নিল না, কারও সঙ্গে মারামারি নাই।

“এরকম সুশৃঙ্খল নিবেদিত কর্মী, এতো সমর্থক তারপরও আমরা আন্দোলনে সফল হতে পারছি না কেন? এর জবাব খুঁজে বের করতে হবে।”

‘পোড় খাওয়া নেতারা বিলাসী জীবনে’

আন্দোলন সফল না হওয়ার জন্য এক সময়ের ‘পোড় খাওয়া’ বিএনপি নেতাদের ‘বিলাসী’ জীবন-যাপনে অভ্যস্ত হয়ে যাওয়াকেও দায়ী করেন গয়েশ্বর চন্দ্র রায়।

“আমরা যারা যে কোনোভাবেই রিকশা চড়তে অভ্যস্ত ছিলাম, এখন এসি গাড়িতে চড়ি; আমরা যারা ভাড়া বাড়িতে থাকতে অভ্যস্ত ছিলাম, তারা এখন গুলশান-বনানী এলাকার বাড়িতে না থাকতে পারলে রাতের ঘুম হয় না। আমি বলব, তাদের দ্বারা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব না।”

সফল আন্দোলনের জন্য দলের ‘দু্র্নীতিবাজদের’ বর্জনের আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

“আমাদের এবারকার কাউন্সিলের স্লোগান ছিল- ‘দুর্নীতি, দুঃশাসনের হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’- এটা মানুষ বিশ্বাস করে। আমি যে দুর্নীতি দুঃশাসনের সময় শেষ করব, তাহলে দুর্নীতিমুক্ত মানুষ ছাড়া তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়।

“এজন্য আমাদের ডানে-বামে তাকিয়ে দেখতে হবে, ওই উপসর্গে আক্রান্ত কোনো লোক আছে কি না। যদি থাকে, তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে মাঝপথে আঁতাত হতে পারে। আন্দোলন মূল লক্ষ্যে পৌঁছতে পারবে না।”

সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ হোসেন চপলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সভাপতি এম এ মালেক, শিল্পী রাহিজা খানম ঝুনু, গণ সংস্কৃতি দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস আল-মামুন বক্তব্য রাখেন।