২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমগীর হায়দারকে বিএনপির শেষ শ্রদ্ধা

বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতৃবৃন্দ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 03:12 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

৬৪ বছর বয়সে বুধবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নয়। পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হায়দার এক যুগেরও বেশি সময় ধরে ফরিদগঞ্জের নির্বাচিত প্রতিনিধি ছিলেন।

তিনি বেশ কয়েক বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। দুই সপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চারদিন আগে চিকিসকরা তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে প্রয়াতের প্রথম জানাজায় মহাসচিব ছাড়াও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, আবদুল লতিফ জনি ও আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় ও বাদ জোহর রায়ের বাজারে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে প্রয়াতের মরদেহ অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শুক্রবার সকাল ১০টায় চাঁদপুরের হাসান আলী হাই স্কুলে মাঠে চতুর্থ, বাদ জোহর ফরিদগঞ্জের হাই স্কুল মাঠে পঞ্চম এবং সবশেষে গ্রামের বাড়ি মুলপাড়া স্কুল মাঠে জানাজা শেষে আলমগীর হায়দারকে বাবার পাশে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সাবেক সাংসদ আলমগীর হায়দারের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।