২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুনরুজ্জীবিত’ বিএনপির সাফল্যে আশাবাদী ফখরুল

ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর নতুন নেতৃত্ব নির্বাচন বিএনপিকে পুনরুজ্জীবিত করেছে বলে মনে করেন সদ্যই দলটির মহাসচিবের দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 04:21 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

রোববার সকালে অসুস্থ সাবেক জাতীয় ফুটবলার আইনুল হককে দেখতে তার জিগাতলার বাসায় গেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফখরুল। 

এ সময়ে দলের জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও সাবেক ফুটবলার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ষষ্ঠ কাউন্সিলের পর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, “এই সরকারের আমলে আমাদের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে। আমরা সম্পূর্ণ এক প্রতিকূলতার মধ্যে রাজনীতি করছি।

“এরকম অবস্থার মধ্যে আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিল দলকে পুনরুজ্জীবিত করেছে। আমরা আশাবাদী গণতান্ত্রিক সংগ্রামে আমাদের সাফল্য আসবেই।”

গত ১৯ মার্চ জাতীয় কাউন্সিলের ২০ দিন পর শনিবার সাতজন যুগ্ম মহাসচিব ও নয়জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে বিএনপি।

দলের কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন কেন্দ্রীয় কমিটির নাম পর্যায়ক্রমে ঘোষণা করছেন।

এর আগে ৩০ মার্চ মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দেন খালেদা জিয়া।

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে।

“তারা দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। বিএনপি সবসময় এর প্রতিবাদ করে আসছে।’’

গ্যাস ও বিদ্যুতে দাম আবার বাড়ানো হলে আন্দোলনে নামারও কথাও বলেন তিনি।