সুসংগঠিত শ্রমিক আন্দোলনে সমাজের উপকার: বিনায়ক সেন
অধিকার আদায়ে সুসংগঠিত শ্রমিক আন্দোলনে সমাজ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ বিনায়ক সেন।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার জাসদের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক জোটের ১৮তম সম্মেলনের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন ইন্সটিটিউটের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক বলেন, আন্দোলন সংগ্রামে শ্রমিক সংগঠনের শক্তিশালী ভূমিকা থাকলে অসংগঠিত মধ্যবিত্ত বুদ্ধিজীবিরাও লাভবান হবেন; সমাজের অপরাপর মানুষরাও উপকৃত হবে।
“কারণ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে।তবে অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করাও একটি চ্যালেঞ্জ।”
গত দুই দশকে দেশের উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এলেও শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনের গতি-প্রকৃতি পরিবর্তিত হয়নি বলে মনে করেন রাজনৈতিক অর্থনীতির এই গবেষক।
বিনায়ক সেন বলেন, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে ষাটের দশকের শ্রমিক আন্দোলন একটি ‘হিডেন ফ্যাক্টর’।
“এই শ্রমিক আন্দোলন না হলে এতো তাড়িাতাড়ি সামাজিক, চেতনাগত ও জাতিগতভাবে একটা নতুন স্তরে উন্নীত হতে পারতাম না।”
সাধারণ মানুষের মধ্যে অসহায়তা বাড়ার প্রেক্ষাপটে ওই ধরনের শ্রমিক আন্দোলনের এখন প্রয়োজন বলে মনে করেন তিনি।
সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এখনও শ্রমিকদের অনেক সমস্যা রয়ে গেছে বলে স্বীকার করেছেন
প্রকৃত সংগঠনকে ট্রেড ইউনিয়ন করার অনুমতি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
তবে এক্ষেত্রে সংগঠনগুলোর বিধি অনুসরণে ‘অনীহার’ কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “১০ শতাংশ শ্রমিক ফেডারেশনের কাগজপত্র আপডেট নেই। যদি ক্যানসেল করি তাহলেই তো সমস্যা।
“আপনারা ঠিক করেন না কেন? এগুলোও তো আপনাদের মানতে হবে।”
রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের চেষ্টা চলছে বলেও জানান চুন্নু।
জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতরা বক্তব্য দেন।
