২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতপাড়ায় খালেদা, রাস্তায় দুর্ভোগ চার ঘণ্টা

পাঁচ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতপাড়ায় উপস্থিতিকে কেন্দ্র করে নেতাকর্মীদের রাস্তায় অবস্থানের কারণে যানজটে প্রায় চার ঘণ্টা কার্যত ‘অচল’ ছিল পুরান ঢাকা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 04:10 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

সরু পথ-ঘাট আর অলিগলির কারণে এমনিতেই যেখানে স্বাভাবিক চলাফেরা করা কষ্টকর, সেখানে মঙ্গলবার সকাল থেকে আদালতপাড়ার সামনের জনসন রোডে যানবাহনের চাপে রীতিমত নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়।

বিশেষ করে সদরঘাটমুখী নৌপথের যাত্রী আর স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের এসময় অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।   

সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত খালেদা জিয়া একে একে পাঁচ বিচারকের সামনে হাজিরা দেন।

কিন্তু বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা সকাল ৯টা থেকেই আদালত এলাকায় জড়ো হতে থাকেন এবং জনসন রোডের পশ্চিম অংশে অবস্থান নেন। ফলে তখন থেকে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়া আদালতে প্রবেশ করার পর রাস্তায় বসে থাকা নেতাকর্মীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু কোনো কাজই হয়নি।

ওই রোডের পশ্চিম পাশে নেতাকর্মীরা অবস্থান নিলেও রাস্তার পূর্ব অংশেও যানচলাচলের গতি কমে যায় এবং সদরঘাটমুখী বাসের সংখ্যা কমতে শুরু করে।

দুপুর সোয়া ১টার দিকে খালেদা জিয়ার গাড়ির বহর আদালত চত্বর থেকে চলে যাওয়ার পর ধীরে ধীরে যান চলাচল শুরু হলেও ততক্ষণে পুরো পুরান ঢাকায় ছড়িয়ে পড়ে গাড়ির জটলা।

শরিফ হোসেন নামের এক ব্যক্তি জানান, তিনি সাড়ে ১২টার ময়ূর লঞ্চে চাঁদপুর যাবেন। কিন্তু এক ঘণ্টা তাঁতীবাজার মোড়ে যানজটে আটকে ছিলেন। শেষ পর্যন্ত উপায় না পেয়ে বোঝা নিয়ে হেঁটেই সদরঘাটের দিকে রওনা হয়েছেন।

সে সময় শরিফের অনেক লঞ্চ যাত্রীকেও বাক্স-পেটরা নিয়ে হাঁটতে দেখা গেছে।

নয়াবাজারের ব্যবসায়ী মিণ্টু মিয়া জানান, তার সন্তান ওয়ারীর একটি কিন্ডারগার্টেনে পড়ে। স্কুল পৌনে ২টার দিকে ছুটি হয়েছে।

“কিন্তু চার ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় যানজটের কারণে সূত্রাপুরের বাসায় যেতেও অনেক সময় লাগছে।”

তাঁতীবাজারে কর্মরত পুলিশের পরিদর্শক (ট্রাফিক) আবু সাইদ হিরণ বলেন, “প্রায় চার ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় বিকাল পর‌্যন্ত যানজট থাকবে।”

এদিকে খালেদা জিয়ার উপস্থিতি উপলক্ষে আদালতপাড়ায় নিরাপত্তার ব্যবস্থাও ছিল কঠোর।

পুলিশের সঙ্গে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সংস্থার লোকজনও ছিলেন নিরাপত্তায়।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, “যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রায় ৮০০ পুলিশ দায়িত্ব পালন করছেন।”

সকালে আদালতের ফটকের সামনে একটি জলকামান রাখা হয়। কাছেই দেখা যায় একটি পুলিশ ভ্যান।