২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় খালেদার জামিন

হাই কোর্টের নির্দেশে গ্যাটকো দুর্নীতি মামলায় জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 12:08 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

গ্যাটকো দুর্নীতি: খালেদাকে ১৩ এপ্রিল হাজিরের নির্দেশ
খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাষ্ট্রদ্রোহ: ১০ এপ্রিল খালেদাকে হাজিরের নির্দেশ
শাজাহানের মিছিলে হামলায় আসামি খালেদা

তিনি মঙ্গলবার সকালে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে  জামিন চাইলে  এ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে এক লাখ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। 

এর ঠিক আগে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আত্মসমর্পণ করে খালেদা জামিন পান। তার উপদেষ্টা ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেনও  এদিন একই মামলায় জামিন পেয়েছেন।

যাত্রাবাড়ীর এ মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ পলাতক ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। 

বিএনপি চেয়ারপারসন সকালে  আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ (১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনাল) কামরুল হোসেন মোল্লা তা মঞ্জুর করেন।

এরপর খালেদা একই ভবনের ছয় তলায় বিশেষ জজ আদালতে গ্যাটকো মামলায় আত্মসমর্পণ করতে যান।

এ মামলার শুনানি শেষে খালেদা যান একই প্রাঙ্গণে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে।

সেখানে যাত্রাবাড়ীর নাশকতার সেই ঘটনায় দায়ের করা হত্যা মামলা, গুলশানে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলায় তিনি আত্মসমর্পণ করবেন।

এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদীর করা রাষ্ট্রদ্রোহ মামলাতেও খালেদা এদিন হাকিম আদালতে হাজিরা দেবেন।

এই তিন মামলাতেই খালেদার পক্ষে ইতোমধ্যে জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা। 

যাত্রাবাড়ীর দুই মামলা

গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গতবছর ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।

এর মধ্যে ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান দুটি মামলা করেন, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয় হুকুমের আসামি।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় করা মামলায় পেট্রোলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ গত বছরের ৬ মে হত্যা মামলায় এবং ১৯ মে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এরপর চলতি বছর ২৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ৩০ মার্চ আদালত এ মামলায় খালেদা জিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পলাতকদের গ্রেপ্তার করা গেল কিনা- সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সেদিন ২৭ এপ্রিল তারিখ ঠিক করে দেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

এ মামলার ৩৮ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তৎকালীন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াসহ ছয়জন জামিনে রয়েছেন। এছাড়া শহিদুল খান, লিটন, পারভেজসহ চারজন কারাগারে রয়েছেন।

গ্যাটকো দুর্নীতি

খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

এই মামলা হওয়ার পরদিনই খালেদা ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছর ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করে গতবছর ৫ অগাস্ট রায় দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।

মামলার স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ওই রায়ে।

এরপর গত ১৫ ফেব্রুয়ারি হাই কোর্টের  ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে দুই মাসের মধ্যে খালেদার নিম্ন আদালতে আত্মসমর্পণের বাধ্যবাধকতা তৈরি হয়। এরপর জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বিএনপি চেয়ারপারসনকে ১৩ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেন।

অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে এ আদালতে অভিযোগ গঠনের শুনানির  পর্যায়ে রয়েছে এই দুর্নীতি মামলা।